কিশোরগঞ্জের মিঠামইনে নদীভাঙন রোধে নির্মিত বেড়িবাঁধের ওপর লাগানো মেহগনি গাছ কাটার অভিযোগে উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আলম জাহাঙ্গীরকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। ব্যক্তিগত প্রয়োজনে বাঁধের গাছ কেটে ফেলার ঘটনায় এলাকায় সমালোচনার ঝড় ওঠে। পরে দলীয় সিদ্ধান্তে তার প্রাথমিক সদস্যপদসহ সব পদ স্থগিত করা হয়।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। সেখানে বলা হয়, কিশোরগঞ্জ জেলার মিঠামইন উপজেলার কামালপুর এলাকায় নদীভাঙন প্রতিরোধে রোপণ করা প্রায় ২০টি মেহগনি গাছ ব্যক্তিগত স্বার্থে কেটে ফেলার অভিযোগ তার বিরুদ্ধে প্রমাণিত হয়েছে। নিজ বাড়িতে গাড়ি নিয়ে যাতায়াত সহজ করতে তিনি এই কাজ করেছেন, যা দলীয় নীতি ও শৃঙ্খলার পরিপন্থী।
দলীয় সিদ্ধান্ত অনুযায়ী, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জাহিদুল আলম জাহাঙ্গীরের বিএনপির প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের সাংগঠনিক দায়িত্ব স্থগিত থাকবে।
জানা গেছে, কামালপুর এলাকায় নদীভাঙন ঠেকাতে বেড়িবাঁধ নির্মাণের পর সেখানে বিভিন্ন প্রজাতির গাছ রোপণ করা হয়। সে সময় স্থানীয় সংসদ সদস্য ছিলেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ। দীর্ঘদিন ধরে এসব গাছ ভাঙন প্রতিরোধে কার্যকর ভূমিকা রেখে আসছিল এবং এলাকাবাসীর কাছে তা সুরক্ষার প্রতীক হিসেবে বিবেচিত ছিল। অভিযোগ রয়েছে, নিজ সুবিধার জন্য কয়েক দফায় বাঁধের ওপর লাগানো প্রায় ২০টি মেহগনি গাছ কেটে ফেলেন জাহাঙ্গীর।
এ বিষয়ে মিঠামইন উপজেলায় দায়িত্বপ্রাপ্ত বন বিভাগের কর্মকর্তা জুলফিকার জয় জানান, কাটা গাছগুলো স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধানে ইউনিয়ন পরিষদের সহায়তায় একটি এনজিওর মাধ্যমে রোপণ করা হয়েছিল। উপকারভোগী স্থানীয় দুঃস্থ নারী ও এলজিইডি যৌথভাবে এগুলোর দেখভাল করছিল। বিষয়টি বন বিভাগের আওতাধীন নয় বলেও তিনি উল্লেখ করেন।
অন্যদিকে, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) মিঠামইন উপজেলার প্রকৌশলী ফয়জুর রাজ্জাক বলেন, ১৯৯৫-৯৬ অর্থবছরে স্থানীয় সরকার বিভাগের উদ্যোগে বাঁধটি নির্মাণ করা হয় এবং তখনই গাছ লাগানো হয়েছিল। গাছ কাটার খবর পেয়ে একটি স’মিলে অভিযান চালিয়ে কাঠ জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনি পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি চলছে।


