ঢাকা রবিবার, ১৪ জুন, ২০২৬

পাকুন্দিয়ায় সড়ক দুর্ঘটনায় প্রবাসীর মৃত্যু

কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: জুন ১৪, ২০২৬, ০২:৫৫ পিএম
ছবি- রূপালী বাংলাদেশ

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় মোটরসাইকেল দুর্ঘটনায় রুবেল মিয়া (২৬) নামে এক প্রবাসী যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

রোববার (১৪ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার মির্জাপুর-মঠখোলা সড়কের মির্জাপুর শ্মশানঘাট সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রুবেল মিয়া উপজেলার চরফরাদী ইউনিয়নের কাহেৎধান্দুল গ্রামের খুরশিদ মিয়ার ছেলে। তিনি সৌদি আরব প্রবাসী ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় দেড় মাস আগে ছুটিতে দেশে আসেন রুবেল। রোববার বেলা সাড়ে ১১টার দিকে তিনি তার আরেক প্রবাসী বন্ধু রুবেলকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে বাহাদিয়া থেকে নিজ বাড়ির উদ্দেশে রওনা হন। পথে মির্জাপুর শ্মশানঘাট এলাকায় পৌঁছালে অপর একটি মোটরসাইকেলকে পাশ দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে পড়ে যান তিনি।

এ সময় দ্রুতগতির একটি সিএনজিচালিত অটোরিকশা তাকে চাপা দিয়ে ঘটনাস্থল থেকে চলে যায়। এতে তিনি মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

পাকুন্দিয়া থানার ওসি এস এম আরিফুর রহমান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।