পিরোজপুরের মঠবাড়িয়া থানা পুলিশ ২০০৫ পিস ইয়াবাসহ মঞ্জু এবং শিপন নামে দুই মাদক ডিলারকে আটক করেছে। আটককৃত মঞ্জু উপজেলার গুলিশাখালি গ্রামের আব্দুল হাইয়ের ছেলে এবং শিপন ওই একই গ্রামের ইস্কান্দার হাওলাদারের ছেলে।
মঠবাড়িয়া থানার ওসি মোহাম্মদ রবিউল ইসলাম ১৪ জুন রোববার দুপুরে থানা চত্বরে এক প্রেস ব্রিফিংয়ে জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাত সোয়া ৩টার দিকে মঠবাড়িয়া পৌর শহরের বহেড়াতলা বাসস্ট্যান্ডে ঢাকা থেকে আগত বি এম লাইন পরিবহনে তল্লাশি চালানো হয়। এ সময় যাত্রীবেশে বসে থাকা মাদক ডিলার মঞ্জু এবং শিপনের সাথে থাকা ব্যাগ তল্লাশি করে ২০০৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
তিনি আরও বলেন, দক্ষিণাঞ্চলের মাদক ব্যবসায়ীর অন্যতম ডিলারদের মধ্যে এই দুজন অত্যন্ত সক্রিয়। গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক করা হয় । তাদের বিরুদ্ধে মঠবাড়িয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পুলিশ বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। রোববার বিকেলে আদালতে সোপর্দ করা হবে।
তিনি আরও বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশি অভিযান অব্যাহত থাকবে।

