ঢাকা রবিবার, ১৪ জুন, ২০২৬

ফতুল্লায় মাদক ব্যবসায়ী-পুলিশ সংঘর্ষ : আহত ৮

নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: জুন ১৪, ২০২৬, ০৩:০৪ পিএম
ছবি- রূপালী বাংলাদেশ

নারায়ণগঞ্জের ফতুল্লায় মাদক ব্যবসায়ীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনায় পাঁচ পুলিশসহ ৮ জন আহত হয়েছেন। এ সময় শীর্ষ মাদক ব্যবসায়ী ‘ফাইটার মনির’সহ ৩ জনকে বিপুল পরিমাণ মাদকসহ গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৩ জুন) রাতে ফতুল্লার মাসদাইর পতেঙ্গার মোড়ে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- এসআই নন্দন সরকার এসআই মনির, এএসআই কামরুল হাসান, এএসআই মনির হোসাইন, কনস্টেবল আশিক। এ ছাড়া আহত হয়েছেন পথচারী হেলালউদ্দিন, গাড়িচালক বাবু ও এ কে এম শফিউদ্দিন। তাদের প্রত্যেককে শহরের খানপুর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে বলে ফতুল্লা মডেল থানার ওসি মাহবুব আলম নিশ্চিত করেছেন।

ওসি জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ মাসদাইর পতেঙ্গার মোড়ে ফাইটার মনিরের মাদক স্পটে অভিযান চালায়। এ সময়  বিপুল পরিমাণের মাদকসহ ফাইটার মনির তার সহযোগী নাইম (৩০) ও মাসুমকে (২৪) গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতদের ছিনিয়ে নিতে তাদের সহযোগীরা প্রথমে পুলিশের ওপর এলোপাতাড়ি ইট-পাটকেল ছোড়ে। পরে পুলিশকে লক্ষ্য করে প্রায় ৫-৬ রাউন্ড গুলি করে মাদক ব্যবসায়ীরা। তখন পুলিশও পাল্টা দুই রাউন্ড শটগানের গুলি ছোড়ে। কেউ গুলিবিদ্ধ না হলেও পুলিশ, পথচারী ও গ্রেপ্তার মাদক ব্যবসায়ীরা ইটের আঘাতে আহত হয়েছেন। ওই এলাকায় অভিযান অব্যাহত রয়েছে।