কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত দিয়ে শিশু, নারী ও পুরুষসহ ১২ জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি ও স্থানীয় জনসাধারণের প্রতিরোধ ও তৎপরতায় সেই চেষ্টা ব্যর্থ হয়েছে। বর্তমানে পুশইন হতে যাওয়া শিশুসহ ওই ১২জন সীমান্তের শূন্যরেখা সংলগ্ন ভারতীয় অংশে অবস্থান করছেন।
শুক্রবার (১২ জুন) ভোর সাড়ে ৫টার দিকে দৌলতপুর উপজেলার প্রাগপুর ইউনিয়নের চরবিলগাতুয়া সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।
বিজিবি ও স্থানীয় সূত্রে জানা গেছে, নারী, পুরুষ ও শিশুসহ মোট ১২ জনকে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ বাংলাদেশে পুশইন করানোর উদ্দেশ্যে ১৪৯ সীমান্ত পিলার সংলগ্ন চরবিলগাতুয়া সীমান্ত দিয়ে পুশইনের চেষ্টা চালায়। বিষয়টি স্থানীয়দের নজরে এলে তারা দ্রুত প্রাগপুর বিজিবি ক্যাম্পে খবর দেয়। পরে বিজিবি সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় জনসাধারণের সহযোগিতায় তাদের বাংলাদেশে প্রবেশে বাঁধা দেয়।
বিজিবি ও স্থানীয়দের বাঁধার মুখে পুশইনের জন্য আনা ১২ জনকে ১৪৮/৩-এস সীমান্ত পিলার সংলগ্ন শূন্যরেখা থেকে ভারতের প্রায় ৫০ গজ অভ্যন্তরে পাঠিয়ে দিলে সেখানে তারা অবস্থান নেয়। তবে তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, নিজেদের বাংলাদেশি নাগরিক বলে দাবি করেছেন তারা।
বাংলাদেশি দাবি করা ৩ পরিবারের ১২ জনের মধ্যে রয়েছেন চাঁপাইনবাবগঞ্জ জেলার উজির আলীর পরিবারের ৫ সদস্য, সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার রফিকুল গাজীর পরিবারের ৩ সদস্য এবং খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার আফরোজা খাতুনের পরিবারের ৪ সদস্য রয়েছেন।
বর্তমানে তারা বাংলাদেশের প্রাগপুর সীমান্তের বিপরীতে ভারতের পশ্চিবঙ্গের নদীয় জেলার করিমপুর থানার নিউশিকার সীমান্ত এলাকার শূন্যরেখায় অবস্থান করছেন বলে জানা গেছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিজিবি সদস্যরা এবং স্থানীয় জনসাধারণ সীমান্ত এলাকায় সতর্ক অবস্থানে রয়েছেন।
এদিকে উদ্ভূত পরিস্থিতির শান্তিপূর্ণ সমাধানের লক্ষ্যে প্রাগপুর বিওপির পক্ষ থেকে বিএসএফের সঙ্গে পতাকা বৈঠকের জন্য আহ্বান জানানো হয়েছে। তবে সংবাদ লেখা পর্যন্ত বিএসএফের পক্ষ থেকে কোনো ইতিবাচক সাড়া পাওয়া যায়নি বলে বিজিবি সূত্র জানিয়েছে।
এ বিষয়ে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এর অধিনায়ক লে. কর্নেল রাশেদ কামাল রনি জানান, সীমান্তে যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ ও পুশইনের ঘটনা প্রতিরোধে বিজিবি সর্বদা সতর্ক রয়েছে। ঘটনার পর থেকে পুরো পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং প্রয়োজনীয় কার্যক্রম অব্যাহত রয়েছে।
এদিকে পুশইনের ঘটনাকে কেন্দ্র করে সীমান্ত এলাকায় উত্তেজনা বিরাজ করছে। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিজিবি সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন