ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

লক্ষ্মীপুরে প্রবাসীকে পিটিয়ে জখম, আহত ৩

লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশিত: মে ৩, ২০২৬, ০৯:০৩ পিএম
ছবি- রূপালী বাংলাদেশ

লক্ষ্মীপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে টিপু সুলতান (২৭) নামে এক সৌদি প্রবাসীকে পিটিয়ে জখম করে রক্তাক্ত করা হয়েছে। এ সময় প্রবাসীর বৃদ্ধা মা শেফালী বেগম ও বড় ভাইয়ের স্ত্রী সফিয়া বেগমকেও মারধর করা হয়।

রোববার (৩ মে) বেলা ১১টার দিকে সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের আব্দুল্লাহপুর গ্রামে এ ঘটনা ঘটে। পরে তাদের সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

অভিযুক্তরা হলেন, একই গ্রামের কড়িয়াগো বাপের বাড়ির কাশেম মুহুরি এবং তার ছেলে রিয়াজ উদ্দিন বাবলু ও ছেলের বউ নাঈমা আক্তারসহ কয়েকজন।

আহত পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্ত কাশেম মুহুরিদের সঙ্গে দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলছিল। ঘটনার সময় প্রবাসী টিপু নিজ বাড়ির ছাদে পানি নিষ্কাশনের জন্য পাইপ স্থাপন করেন। এ সময় কাশেম মুহুরির নির্দেশে তার ছেলে রিয়াজ উদ্দিন বাবলু প্রবাসীর বাড়িতে ঢুকে ওই পাইপ লাইনে বাঁধ দিয়ে বন্ধ করে দেন।

এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত বাবলু ও তার স্ত্রী নাঈমা আক্তারসহ কয়েকজন দেশীয় অস্ত্র নিয়ে টিপুর ওপর হামলা চালান। হামলায় টিপু রক্তাক্ত জখম হন। এ সময় রক্তাক্ত অবস্থায় টিপুকে উদ্ধার করতে গেলে তার মা শেফালী বেগম (৬২), বড় ভাইয়ের স্ত্রী সফিয়া বেগম (২২)সহ পরিবারের আরও তিন সদস্য আহত হন।

পরে আহতদের চিৎকারে স্থানীয়রা ঘটনাস্থল থেকে উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় ভুক্তভোগী পরিবার লক্ষ্মীপুর মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে।

আহত প্রবাসী টিপু সুলতান অভিযোগ করে বলেন, ‘বাড়িতে পুরুষ লোক না থাকায় বিনা কারণে কাশেম মুহুরি ও তার ছেলেরা আমার মা শেফালী বেগমকে কয়েক দফা মারধর করেছে। আইনজীবীর সহকারী হওয়ায় কাশেম একের পর এক মিথ্যা মামলা দিয়ে আমাদের হয়রানি করে আসছে। এখন আবারও পরিকল্পিতভাবে আমাদের ওপর হামলা চালিয়ে মা ও বড় ভাইয়ের স্ত্রীসহ তিনজনকে আহত করেছে। এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন তিনি।’

এ বিষয়ে জানতে চেষ্টা করেও অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি।

লক্ষ্মীপুর সদর মডেল থানার ওসি মো. ওয়াহিদ পারভেজ বলেন, ‘এ ঘটনায় ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’