এইচএসসি পরীক্ষার্থীদের সহযোগিতায় লক্ষ্মীপুরের কমলনগরে হেল্পডেস্ক স্থাপন করেছে উপজেলা ও উপকূল কলেজ ছাত্রদল।
বৃহস্পতিবার (২ জুলাই) সকালে তোহা স্মৃতি বালিকা উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ পরীক্ষা কেন্দ্রের সামনে এ হেল্পডেস্ক পরিচালনা করা হয়।
হেল্পডেস্ক থেকে পরীক্ষার্থীদের মাঝে বিশুদ্ধ পানি, চকলেট ও কলম বিতরণ করা হয়। এছাড়া পরীক্ষা চলাকালে অপেক্ষমাণ অভিভাবকদের জন্য বসার ব্যবস্থা করা হয়। ছাত্রদলের এ উদ্যোগে পরীক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ইতিবাচক সাড়া লক্ষ্য করা যায়।
এ সময় উপস্থিত ছিলেন কমলনগর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সাজ্জাদুর রহমান সাজু, সদস্য সচিব জাফর আহমেদ ভূঁইয়া, যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান রায়হান ও মাহিদুল হাসান শামীম। এছাড়া উপকূল কলেজ ছাত্রদলের সভাপতি হাসানাত জামান তামিম, যুগ্ম আহ্বায়ক জিসান, সাগর ও শামীমসহ ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এ সময় উপকূল কলেজ ছাত্রদলের সভাপতি হাসানাত জামান তামিম বলেন, মানবিক মূল্যবোধ থেকেই আমাদের এই উদ্যোগ। পরীক্ষার্থীরা যেন প্রয়োজনীয় সহায়তা পেয়ে নির্বিঘ্নে পরীক্ষা দিতে পারে, সেটিই আমাদের লক্ষ্য। শিক্ষার্থীদের কল্যাণে এ ধরনের কার্যক্রম আগামী দিনেও অব্যাহত থাকবে।

