ঢাকা বৃহস্পতিবার, ০২ জুলাই, ২০২৬

পদ্মা রেল সেতুর নিচের মাটি প্রয়োজনেই কাটা হয়েছে: রেলমন্ত্রী

নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ২, ২০২৬, ০৭:৩০ পিএম
ছবি : রূপালী বাংলাদেশ

নারায়ণগঞ্জের ফতুল্লায় পদ্মা রেলওয়ে সংযোগ সেতুর পিলারের নিচ থেকে মাটি কাটার বিষয়ে সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, প্রয়োজনেই মাটি কাটা হয়েছে। এতে সেতুর ভায়াডাক্ট লাইন ক্ষতিগ্রস্ত হওয়ার দাবি ভিত্তিহীন বলে মন্তব্য করেছেন তিনি।

বৃহস্পতিবার (২ জুলাই) সকালে ফতুল্লার আলীগঞ্জ এলাকায় রেলসেতু পরিদর্শনে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, মাটি কাটা হয়েছে, এটা সত্য। তবে মাটি যে প্রয়োজনে কাটা হয়েছে, সেটা বলা হয়নি। বলা হয়েছে, মাটিগুলো অপরিকল্পিতভাবে কেটে নিয়ে যাওয়া হচ্ছে। এর ফলে ভায়াডাক্ট লাইন ক্ষতিগ্রস্ত হবে এ তথ্য যারা বলেছেন, তা ভিত্তিহীন। মাটি কাটা হয়েছে এবং সেটা প্রয়োজনেই কাটা হয়েছে।

মন্ত্রী শেখ রবিউল আলম বলেন, ঢাকা থেকে মাওয়া পর্যন্ত ১৬ দশমিক ৭৬ কিলোমিটার ভায়াডাক্ট লাইন নির্মাণের সময় এখানে জলাভূমি ছিল। ভারী মালামাল আনার জন্য এটি অস্থায়ীভাবে ভরাট করা হয়। প্রকল্প শেষ হওয়ার পর সেটি অপসারণ করাও প্রকল্পের অংশ। ইতোমধ্যে ভায়াডাক্ট লাইনের ১৪ দশমিক ৪১ কিলোমিটার অংশের মাটি অপসারণ করা হয়েছে। ২ দশমিক ৩৪ কিলোমিটারের মতো বাকি আছে। এটি ভায়াডাক্টের জন্য কোনো হুমকি নয়, বরং নিরাপত্তার স্বার্থেই এই কাজ করা হচ্ছে। এই প্রকল্পের সঙ্গে মাটি অপসারণের ইতিবাচক প্রভাব আছে, নেতিবাচক কোনো প্রভাব নেই।

পরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম বলেন, আমরা যারা আছি, ভায়াডাক্টের নিরাপত্তা নিয়ে আমরাও সচেতন। পরিকল্পনা ছাড়া জলাভূমি ভরাট করা যায় না। এটি রেলওয়ের জায়গা। ভবিষ্যতে এই ভায়াডাক্ট আরও সম্প্রসারণ করা হতে পারে। এখানে প্রকল্পের স্বার্থেই ভরাট করা হয়েছিল। কিন্তু যত্রতত্র ভরাট করে অস্থায়ী স্থাপনা রেখে দেওয়া বা না সরানো তো বৈজ্ঞানিক হতে পারে না।

এ সময় উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও রেল প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ, রেল মন্ত্রণালয়ের সচিব ফাহিমুল ইসলাম, প্রকল্প পরিচালক ব্রিগেডিয়ার আবুল হাসনাত মোহাম্মদ সায়েম, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক সাখাওয়াত হোসেন খান, জেলা পরিষদ প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদসহ প্রমুখ।