রাজধানীর চকবাজারে প্লাস্টিক কারখানার মেশিন চালু করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এমদাদুল হক (২৫) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে চকবাজার থানাধীন সোয়ারীঘাট হাজী বালু রোডের একটি প্লাস্টিক কারখানায় এ দুর্ঘটনা ঘটে।
কারখানার সহকর্মী বিপ্লব জানান, সন্ধ্যা ৬ টার দিকে এমদাদুল হক মেশিন চালু করতে যান। এ সময় মেশিনে বিদ্যুৎ সংযোগ থাকায় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয়ে পড়ে থাকলে আমরা খবর পেয়ে দ্রুত তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল (ঢামেক) এর জরুরি বিভাগে নিয়ে আসলে এখানকার কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, নিহত এমদাদুল হকের গ্রামের বাড়ি ঢাকার সোয়ারীঘাটের চক বাজারে। তিনি পেশায় প্লাস্টিক কারখানার শ্রমিক ছিলেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের দায়িত্বপ্রাপ্ত এএসআই শরিফুল ইসলাম জানান, ময়নাতদন্তের জন্য নিহতের মরদেহ মর্গে রাখা হয়েছে। বিষয়টি চকবাজার থানা পুলিশকে অবহিত করা হয়েছে।

