ঢাকা শনিবার, ০৪ জুলাই, ২০২৬

কারিগরি শিক্ষায় সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার : পানিসম্পদ মন্ত্রী

লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ৪, ২০২৬, ০৭:২০ পিএম
পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি।

সাধারণ শিক্ষার পাশাপাশি মাধ্যমিক পর্যায়ে কারিগরি শিক্ষার প্রসারে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে বলে জানিয়েছেন পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি।

শনিবার (৪ জুলাই) দুপুরে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ উপজেলার প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এর আগে তিনি বিদ্যালয়টির নবনির্মিত একাডেমিক ভবনের উদ্বোধন করেন। শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য এবং বিএনপির যুগ্ম মহাসচিব।

মন্ত্রী বলেন, শিক্ষার্থীদের ভালো ফলাফল নিশ্চিত করতে সরকারের সহায়তা প্রয়োজন। এ লক্ষ্যেই প্রাথমিক বিদ্যালয়ে পরীক্ষামূলকভাবে মিড-ডে মিল কর্মসূচি চালু করা হয়েছে। একই সঙ্গে মাধ্যমিক পর্যায়ে সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি শিক্ষার সম্প্রসারণে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। শিক্ষার্থীদের জন্য উপবৃত্তির ব্যবস্থাও রয়েছে বলে তিনি উল্লেখ করেন।

তিনি আরও বলেন, বিগত বছরের সীমিত বাজেট নিয়েও সরকার চার মাসে উল্লেখযোগ্য উন্নয়নমূলক কাজ করেছে। আগামী বছরে দেশবাসী আরও বড় পরিসরে উন্নয়নের চিত্র দেখতে পাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশ উন্নয়নের নতুন রোল মডেল হিসেবে এগিয়ে যাবে।

প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আনোয়ার হোসেন বাচ্চুর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পানিসম্পদ মন্ত্রীর একান্ত সহকারী সচিব জামশেদ আলম রানা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ক্যাথোয়াইপ্রু মারমা, চন্দ্রগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা নিলুফা ইয়াসমিন নিপা, চন্দ্রগঞ্জ কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রিয়ব্রত চৌধুরী, চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোরশেদ আলম এবং প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিরাজুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।