ঢাকা শনিবার, ০৪ জুলাই, ২০২৬

গুলিস্তানে জামায়াতের মিছিলে হামলা, আহত ২০

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: জুলাই ৪, ২০২৬, ০৭:৪০ পিএম
ছবি : সংগৃহীত

রাজধানীর গুলিস্তানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর একটি মিছিলে হামলার অভিযোগ উঠেছে। দলটির দাবি, এই হামলা বিএনপির স্থানীয় কর্মীরা করেছে। ঘটনায় অন্তত ২০ জন আহত হয়েছেন বলে জানা গেছে।

শনিবার (৪ জুলাই) বিকেলে গুলিস্তানের ফুলবাড়িয়া ফ্লাইওভারের নিচে এ ঘটনা ঘটে।

ঘটনার পরপরই আহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। পরে ফুলবাড়িয়া ফ্লাইওভারের নিচে বিএনপির বিরুদ্ধে বিক্ষোভ করেন জামায়াতের নেতাকর্মীরা। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা দক্ষিণের সহকারী প্রচার সম্পাদক আব্দুস সাত্তার সুমন।

তিনি অভিযোগ করেন, বিএনপির কর্মীরা দীর্ঘদিন ধরে রাজধানীর গুলিস্তান এলাকায় চাঁদাবাজি ও দখলবাজি চালিয়ে আসছে।

তার ভাষ্য অনুযায়ী, ওই এলাকার ব্যবসায়ীদের অনুরোধে শনিবার স্থানীয় জামায়াত নেতাকর্মীরা ফুলবাড়িয়ায় সন্ত্রাস, চাঁদাবাজি ও দখলবাজির বিরুদ্ধে বিক্ষোভ মিছিলের আয়োজন করেন। ওই সময় সেখানে ব্যবসায়ীরা জড়ো হলে বিএনপির নেতাকর্মীরা অতর্কিত হামলা চালায় বলে দাবি করা হয়।

জামায়াতের দাবি, এ ঘটনায় অন্তত ১৫ থেকে ২০ জন আহত হয়েছেন। এর মধ্যে তিনজন ছুরিকাঘাতে আহত হয়েছেন এবং তাদের অবস্থা আশঙ্কাজনক বলেও জানায় দলটি।