ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে ঘরমুখো মানুষের ঢল, বাড়তি ভাড়া নিয়ে যাত্রীদের অভিযোগ

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি
প্রকাশিত: মার্চ ১৮, ২০২৬, ০৫:৫৫ পিএম
ছবি : রূপালী বাংলাদেশ

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নাড়ির টানে ঘরমুখো মানুষের উপচে পড়া ভিড় দেখা গেছে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে। রাজধানী ছেড়ে দেশের বিভিন্ন জেলায় ফিরছেন হাজারো মানুষ। তবে যানবাহনের চাপ থাকলেও সড়কে তেমন কোনো যানজট, দুর্ঘটনা বা অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। নির্বিঘ্নেই চলাচল করছে পরিবহন।

সড়কজুড়ে বাস, প্রাইভেটকার ও বিভিন্ন যানবাহনের উপস্থিতি থাকলেও যাত্রীরা স্বস্তির সঙ্গে গন্তব্যে পৌঁছাতে পারছেন বলে জানিয়েছেন। তবে যাত্রীদের অভিযোগ, আগের তুলনায় পরিবহন ভাড়া কিছুটা বেড়েছে।

পাচ্চর বাসস্ট্যান্ড থেকে মোস্তফা নামে এক যাত্রী জানান, আমরা ঢাকা থেকে সুন্দরভাবে আসছি। আগে ভাড়া ছিল ২০০ টাকা, কিন্তু এখন আমাদের কাছ থেকে ৩৫০ টাকা নেওয়া হয়েছে।

এ বিষয়ে বাস মালিক সমিতির পক্ষ থেকে জানানো হয়, বর্তমানে অনেক গাড়ি একমুখী যাত্রী নিয়ে যাচ্ছে এবং ফেরার পথে খালি আসতে হচ্ছে। এ কারণে কিছুটা বেশি ভাড়া নিতে হচ্ছে বলে দাবি তাদের।

প্রতি বছর ঈদকে কেন্দ্র করে গ্রামের বাড়িতে ফেরেন অসংখ্য মানুষ। পরিবার-পরিজনের সঙ্গে আনন্দ ভাগাভাগি করতে শহর ছেড়ে গ্রামে ছুটে যান তারা। তবে ঘরমুখো মানুষের এই যাত্রায় অতিরিক্ত ভাড়া আদায় নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন সাধারণ যাত্রীরা।

যাত্রীদের দাবি, ঈদের সময় অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও বাস মালিক সমিতির কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি।