ঢাকা বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬

শিবচরে জমির বিরোধে চাচাতো ভাইয়ের ঘুষিতে ভাই নিহত, অভিযুক্ত পলাতক

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি
প্রকাশিত: জুন ২৫, ২০২৬, ১১:০১ এএম
ছবি- রূপালী বাংলাদেশ

মাদারীপুরের শিবচর উপজেলায় জমি-সংক্রান্ত বিরোধের জেরে চাচাতো ভাইয়ের ঘুষিতে আলতাফ মাদবর (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত চাচাতো ভাই বারেক মাদবর ঘটনার পর থেকেই পলাতক।

বুধবার (২৪ জুন) সন্ধ্যায় উপজেলার মাদবরচর ইউনিয়নের সাড়ে এগারোরশি গ্রামের বাচ্চু মাদবরকান্দি এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত আলতাফ মাদবর ওই গ্রামের ইসলাম মাদবরের ছেলে। অভিযুক্ত বারেক মাদবর একই এলাকার মোসলেম মাদবরের ছেলে বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, জায়গা-জমিসহ বিভিন্ন বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে আলতাফ মাদবর ও তার চাচাতো ভাই বারেক মাদবরের মধ্যে বিরোধ চলছিল। এরই ধারাবাহিকতায় বুধবার বিকেলে তাদের মধ্যে তীব্র বাগবিতণ্ডা ও তর্কাতর্কির সৃষ্টি হয়।

এক পর্যায়ে উত্তেজিত হয়ে বারেক মাদবর আলতাফ মাদবরের বুকে সজোরে ঘুষি মারেন। এতে আলতাফ মাদবর মাটিতে লুটিয়ে পড়েন। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করার চেষ্টা করলেও ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে জানান প্রত্যক্ষদর্শীরা।

ঘটনার খবর পেয়ে শিবচর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে নিহতের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া শুরু করা হয়।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। একইসঙ্গে স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

শিবচর থানার ওসি কামাল হোসেন জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে যায়। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান।

পুলিশ জানায়, অভিযুক্তকে গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।