ঢাকা বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬

শালিখায় ৫০টি মাধ্যমিক বিদ্যালয়ে ডাস্টবিন ও বৃক্ষচারা বিতরণ

শালিখা (মাগুরা) প্রতিনিধি
প্রকাশিত: জুন ২৫, ২০২৬, ১২:৩০ পিএম
ছবি- রূপালী বাংলাদেশ

মাগুরার শালিখা উপজেলায় পরিবেশ সংরক্ষণ, পরিচ্ছন্নতা ও সবুজায়নের লক্ষ্যে ২৫ জুন এক বিশেষ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সংস্কৃতিবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরীর অভিপ্রায় অনুযায়ী বার্ষিক উন্নয়ন কর্মসূচির অর্থায়নে উপজেলার ৫০টি মাধ্যমিক বিদ্যালয়ে দুটি করে মোট ১০০টি ডাস্টবিন বিতরণ করা হয়। একইসঙ্গে উপজেলা প্রশাসনের উদ্যোগে ৫০টি মাধ্যমিক বিদ্যালয়ে ১০টি করে মোট ৫০০টি বিভিন্ন প্রজাতির বৃক্ষচারা ও সুরক্ষাব্যবস্থা (বেড়া) বিতরণ করা হয়।

শিক্ষার্থীদের মাঝে পরিচ্ছন্নতার চর্চা বৃদ্ধি এবং পরিবেশবান্ধব মানসিকতা গড়ে তোলার উদ্দেশ্যে এ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শালিখা উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর হাসান চৌধুরী।

বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সাব্বির আহমেদ এবং শালিখা উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও মাগুরা জেলা বিএনপির সদস্য মুন্সী মনিরুজ্জামান (চকলেট)।

বক্তারা বলেন, বিদ্যালয়ভিত্তিক পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচি শিক্ষার্থীদের পরিবেশ সচেতন নাগরিক হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণের মাধ্যমে একদিকে যেমন সবুজ পরিবেশ সৃষ্টি হবে, অন্যদিকে শিক্ষার্থীরা প্রকৃতি ও পরিবেশ সংরক্ষণের বিষয়ে আরও উদ্বুদ্ধ হবে। এ ছাড়াও উপজেলা পরিষদের উদ্যোগে উপজেলার বিভিন্ন স্থানে আরও ৭০টি বৃক্ষরোপণ করা হয়েছে।

সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং একটি পরিচ্ছন্ন, সবুজ ও বাসযোগ্য পরিবেশ গঠনে সহায়ক হবে। এ কর্মসূচি বাস্তবায়নের জন্য স্থানীয় জনগণ ও শিক্ষাপ্রতিষ্ঠানের পক্ষ থেকে সংস্কৃতিবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। তার উদ্যোগে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে পরিবেশবান্ধব অবকাঠামো ও বৃক্ষায়ন কার্যক্রম নতুন মাত্রা পেয়েছে বলে বক্তারা উল্লেখ করেন।