ঢাকা সোমবার, ২৭ জুলাই, ২০২৬

মিরপুর যুবদল নেতা হত্যায় শালিখায় গ্রেপ্তার ১

মাগুরা প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ২৭, ২০২৬, ১০:৪৫ এএম
ছবি- রূপালী বাংলাদেশ

ঢাকার মিরপুর-১৩ এলাকায় যুবদল কর্মী ইউসুফ আলি পারভেজ (৪৫) হত্যা মামলায় জড়িত থাকার অভিযোগে মাগুরার শালিখা  থেকে জিয়াউর রহমান রাজু নামে এক যুবককে আটক করেছে পুলিশ। সে শালিখা উপজেলার শতখালি গ্রামের আনোয়ার পাটোয়ারির ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, কাফরুল থানা যুবদলের সদস্য সচিব হাফিজুল ইসলাম বাবুর বাসার পাশের একটি চায়ের দোকানের সামনে  সন্ত্রাসী হামলা চালানো হয়। তখন গুলিতে ঘটনাস্থলেই নিহত হন ইউসুফ আলি পারভেজ। এ সময় চঞ্চল নামে একজনকে স্থানীয়রা ধাওয়া করে আটক করে পুলিশের হাতে সোপর্দ করেন। এ ঘটনায় নিহতের বড় ভাই মাসুদ রানা বাদী হয়ে শনিবার সকালে কাফরুল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

পুলিশের প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, বিএনপি ও এর অঙ্গসংগঠনের অভ্যন্তরীণ দ্বন্দ্বের জের ধরে এ হামলার ঘটনা ঘটতে পারে। এ ছাড়া আটক চঞ্চলের স্বীকারোক্তির ভিত্তিতে হামলায় অংশ নিতে মাগুরা-ঝিনাইদহ অঞ্চল থেকে চারজনকে ভাড়া করা হয়েছিল। তার দেওয়া সেই তথ্যের সূত্র ধরেই শনিবার রাতে মাগুরার শতখালি গ্রাম থেকে জিয়াউর রহমান রাজুকে আটক করা হয়। শালিখা থানা পুলিশ আটকের বিষয়টি নিশ্চিত করেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, জিয়াউর রহমান রাজু এলাকায় অবৈধ অস্ত্রধারী সন্ত্রাসী হিসেবে পরিচিত। এর আগে ২০১৪ সালে শালিখার শতখালি এলাকায় নসিমনচালক আব্বাস হত্যা মামলায় জড়িত থাকার অভিযোগে তিনি দীর্ঘদিন কারাভোগ করেন।