ঝালকাঠি থেকে রোগী নিয়ে ঢাকার উদ্দেশে যাওয়ার পথে একটি বেসরকারি অ্যাম্বুলেন্স নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের গাছে ধাক্কা খেয়ে খাদে পড়ে গেছে। এতে রোগী ফজলুল হক আহত হয়েছেন। সোমবার (২৭ জুলাই) সকালে ঢাকা-ঝালকাঠি মহাসড়কের নলছিটি উপজেলার রায়াপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঝালকাঠি সদর থেকে রোগী নিয়ে ঢাকার উদ্দেশে রওনা হওয়া অ্যাম্বুলেন্সটি রায়পুর এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। পরে গাড়িটি সড়কের পাশের একটি গাছে ধাক্কা লেগে খাদে পড়ে যায়। খবর পেয়ে নলছিটি থানা পুলিশ ও স্থানীয়রা দ্রুত উদ্ধারকাজ চালিয়ে রোগী ও তার স্বজনদের ঝালকাঠি সদর হাসপাতালে পাঠান।
আহত রোগীর ভাতিজা মতিন রহমান জানান, তার চাচা ফজলুল হক দীর্ঘদিন ধরে নিয়মিত চিকিৎসার জন্য প্রতি মাসে ঢাকায় যান। সোমবারও একই উদ্দেশ্যে রওনা হওয়ার পর দুর্ঘটনার শিকার হন। এতে তার একটি পা ভেঙে গেছে। প্রাথমিক চিকিৎসা শেষে অন্য একটি অ্যাম্বুলেন্সে তাকে ঢাকায় নেওয়ার প্রস্তুতি চলছে। ফজলুল হক ঝালকাঠি শহরের পালবাড়ী এলাকার বাসিন্দা।
নলছিটি থানার ওসি তৌহিদুজ্জামান সোহাগ বলেন, দুর্ঘটনাকবলিত অ্যাম্বুলেন্সটি উদ্ধারের কাজ চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

