বিএনপি চেয়ারম্যান তারেক রহমান আগামী বৃহস্পতিবার (২২ জানুয়ারি) জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মৌলভীবাজার সদর উপজেলার শেরপুরের আইনপুর মাঠে প্রধান অতিথি হিসেবে এক জনসমাবেশে যোগ দিতে যাচ্ছেন।
দীর্ঘদিন পর তারেক রহমান ওই অঞ্চলে যাচ্ছেন। এই সমাবেশকে সফল করতে মৌলভীবাজার জেলা ও উপজেলার পাশাপাশি তৃণমূল পর্যায়ের বিএনপি ও সহযোগী সংগঠন এবং নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও কর্মযজ্ঞ চলছে। বিএনপি আশা করছে, এ জনসভায় কয়েক লক্ষ মানুষের সমাবেশ ঘটবে।
জেলা বিএনপি সূত্রে জানা গেছে, বিএনপি চেয়ারম্যান তারেক রহমান আগামী বৃহস্পতিবার হজরত শাহজালাল (র.) ও হজরত শাহপরান (র.) এর মাজার জিয়ারতের মধ্য দিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলের আনুষ্ঠানিক প্রচার কার্যক্রম শুরু করবেন।
এ জন্য বুধবার (২১ জানুয়ারি) রাতে আকাশপথে তিনি সিলেটে পৌঁছাবেন। পরদিন বৃহস্পতিবার সকালে হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহপরান (রহ.) এর মাজার জিয়ারত করবেন। এরপর বেলা ১১টায় সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত প্রথম জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেবেন।
সিলেটের জনসভা শেষে তারেক রহমান ঢাকা-সিলেট সড়কপথে ঢাকার উদ্দেশে রওনা দেবেন। এ সময় মৌলভীবাজার সদর উপজেলার শেরপুর এলাকায় আইনপুর খেলার মাঠে দিনের দ্বিতীয় জনসভায় যোগ দেবেন। বেলা ১টা থেকে ২টার মধ্যে জনসভায় তার উপস্থিতি আশা করা হচ্ছে। পরে তিনি হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে আরেকটি জনসভায় অংশ নেবেন।
তারেক রহমানের আগমন উপলক্ষে সমাবেশকে সফল করতে মৌলভীবাজার জেলা এবং জেলার সাতটি উপজেলার বিএনপিসহ সহযোগী সংগঠনের নেতা ও স্থানীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। জনসভা সফল করতে চলছে ব্যাপক কর্মযজ্ঞ।
মৌলভীবাজার জেলা ছাড়াও শেরপুরের কাছাকাছি হওয়ায় হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার একাংশ এবং সিলেটের ওসমানীনগর ও বালাগঞ্জ উপজেলার একাংশের মানুষ এ জনসভায় অংশ নেবেন।
জেলা বিএনপির নেতাদের সূত্রে জানা গেছে, সমাবেশের প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে। মাঠে মঞ্চ নির্মাণের কাজ চলছে। আশা করা হচ্ছে, সমাবেশের আগের দিন বুধবার সন্ধ্যার মধ্যেই মাঠের কাজ শেষ হয়ে যাবে। প্রায় প্রতিদিনই কেন্দ্রীয় ও জেলা নেতারা মাঠ পরিদর্শন করছেন।
জেলা বিএনপি নেতারা জানান, দীর্ঘদিন পর মৌলভীবাজারে বিএনপির শীর্ষ নেতৃত্বের উপস্থিতিতে এ জনসভা অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ নিয়ে জেলাজুড়ে সংগঠনের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ সৃষ্টি হয়েছে।
অতীতে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মৌলভীবাজারের এই শেরপুর এলাকা সফর করেছেন।
মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক ফয়জুল করিম বলেন, ‘শেরপুরের আইনপুর মাঠে জনসভার আয়োজন করা হচ্ছে। এই জনসভায় আমরা লক্ষাধিক লোকসমাবেশ আশা করছি। এটি একটি বড় কর্মসূচি। আমাদের প্রস্তুতি প্রায় শেষ। এখন মাঠে কাজ চলছে। আমরা নিয়মিত মাঠ পরিদর্শন ও সভা করছি। জেলা ছাড়াও কেন্দ্রীয় নেতারা মাঠ পরিদর্শন করেছেন।’
মৌলভীবাজারের পুলিশ সুপার মোহাম্মদ বিল্লাল হোসেন বলেন, ‘সমাবেশটি যাতে শান্তিপূর্ণভাবে শেষ হয়, সে লক্ষ্যে সব ধরনের পরিকল্পনা নেওয়া হয়েছে। সার্বিক বিষয়টি আমাদের নজরদারিতে রয়েছে। এ জনসভা নিয়ে আমরা সর্বোচ্চ সতর্ক রয়েছি।’


