আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মৌলভীবাজার জেলার বড়লেখা সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিস্ফোরক ও অস্ত্র উদ্ধার করেছে বিজিবি।
সোমবার (২ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ১২টা ১০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার নিউ পাল্লাথল বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার ১৩৭৫/এম-এর নিকট থেকে এসব উদ্ধার করা হয়।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিয়ানীবাজার ব্যাটালিয়নের (৫২ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আতাউর রহমান সুজন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সীমান্ত এলাকায় যেকোনো ধরনের নাশকতা, সন্ত্রাসী কার্যক্রম এবং অবৈধ অস্ত্র ও বিস্ফোরকের অনুপ্রবেশ রোধে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সর্বোচ্চ সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছে।
এরই ধারাবাহিকতায় সোমবার রাত আনুমানিক ১২টা ১০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার নিউ পাল্লাথল বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার ১৩৭৫/এম-এর নিকট দিয়ে কতিপয় দুষ্কৃতিকারী উচ্চ বিস্ফোরক ও অবৈধ অস্ত্রসহ অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশ করেছে।
প্রাপ্ত তথ্যের গুরুত্ব বিবেচনায় বিয়ানীবাজার ব্যাটালিয়নের (৫২ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আতাউর রহমানের নেতৃত্বে একটি টহলদল এবং বড়লেখা উপজেলার নির্বাচনী বেইজ ক্যাম্প (ছোটলেখা উচ্চ বিদ্যালয়) থেকে মেজর এম. জাহিদের নেতৃত্বে আরও একটি টহলদল সমন্বিতভাবে একটি বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযান চলাকালে দূর থেকে বিজিবির উপস্থিতি টের পেয়ে দুষ্কৃতিকারীরা রাতের অন্ধকারে পার্শ্ববর্তী গভীর জঙ্গলের দিকে পালিয়ে যায়। পরবর্তীতে সীমান্ত পিলার ১৩৭৫/এম-এর নিকটবর্তী দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের তারাদরম নামক স্থান থেকে মালিকবিহীন ও লুকায়িত অবস্থায় নিম্নবর্ণিত উচ্চ বিস্ফোরক ও অবৈধ অস্ত্র উদ্ধার করা হয়।
উদ্ধার করা বিস্ফোরক ও অবৈধ অস্ত্র উদ্ধার হলো— ২৪টি টিউব পাওয়ারজেল নাইনটি উচ্চ বিস্ফোরক (ভারতের এসবিএল এনার্জি লিমিটেড, নাগপুরে প্রস্তুত), ২৩টি ডিটোনেটর, ১৫ মিটার ডিটোনেটর কর্ড এবং ৩টি পাইপগান।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এ ধরনের উচ্চ বিস্ফোরক ও অস্ত্রের অনুপ্রবেশ দেশের সার্বিক নিরাপত্তা ও শান্তিপূর্ণ নির্বাচন প্রক্রিয়াকে ব্যাহত করার একটি সুস্পষ্ট অপচেষ্টা বলে প্রতীয়মান হয়। পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।
উদ্ধারকৃত বিস্ফোরক ও অস্ত্র সংক্রান্ত ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। পাশাপাশি সংশ্লিষ্ট সব গোয়েন্দা সংস্থা ও আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে বিস্তারিত তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।
বর্ডার গার্ড বাংলাদেশ দৃঢ়ভাবে আশ্বস্ত করছে যে, দেশের সীমান্ত নিরাপত্তা নিশ্চিতকরণ, অবৈধ অস্ত্র ও বিস্ফোরক প্রতিরোধ এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার লক্ষ্যে বিজিবি সর্বদা সতর্ক, সজাগ ও প্রস্তুত রয়েছে।



