মৌলভীবাজারের কৃতী সন্তান, কবি, প্রকৌশলী, শিক্ষাবিদ এবং তৎকালীন মৌলভীবাজার মহকুমার প্রথম ছড়াকার মরহুম শেখ নুরুল ইকবালকে স্মরণ করে ব্যতিক্রমধর্মী এক স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১ জুলাই) সকাল ১১টায় মৌলভীবাজার পাবলিক লাইব্রেরির ড. সৈয়দ মুজতবা আলী মিলনায়তনে মিরপুর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে এ স্মরণসভার আয়োজন করা হয়। আয়োজকদের পূর্বঘোষণা অনুযায়ী নির্ধারিত সময়েই অনুষ্ঠান শুরু হয়, যা সময়ানুবর্তিতার প্রতি তাদের অঙ্গীকারের প্রতিফলন ঘটায়।
স্মরণসভায় সভাপতিত্ব করেন মিরপুর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আহ্বায়ক সিরাজুল ইসলাম সিদ্দিকী। অনুষ্ঠান সঞ্চালনা করেন সদস্য সচিব খিজির মুহাম্মদ জুলফিকার। পবিত্র কোরআন তিলাওয়াত করেন হাফিজ মাওলানা দিলশাদ আহমদ।
অনুষ্ঠানে মরহুম শেখ নুরুল ইকবালের জীবন, কর্ম ও সাহিত্যকীর্তি নিয়ে মিরপুর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের যুগ্ম আহ্বায়ক এস এম মেহেদী হাসানের রচিত প্রবন্ধ পাঠ করেন কবি মিনারা আজমী।
স্মরণসভাটির অন্যতম বৈশিষ্ট্য ছিল মরহুমের পরিবারের সদস্যদের সরাসরি অংশগ্রহণ। মঞ্চে তার সন্তান মিজানুর রহমান ও ভাতিজা এখলাছুর রহমান উপস্থিত থাকায় অনুষ্ঠানে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।
স্মৃতিচারণ পর্বে বক্তব্য দেন অধ্যাপক শাহ আব্দুল ওদুদ, রাজনৈতিক ব্যক্তিত্ব নাজিমুদ্দিন নজরুল, অধ্যক্ষ মো. মহসিন, সাংবাদিক আনহার আহমদ সমশাদ, মৌলভীবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম শেফুল, কবি বদরুল আমিন চৌধুরী সুফি, সাংবাদিক শাহ নেওয়াজ সুমন, মশাহিদ আহমদ, বদরুল হাসান জোসেফ, সৈয়দ রুহুল আমিন, শেখ ইশতিয়াক আহমদ, কবি জুনেদ জামান, হাওর রক্ষা আন্দোলন মৌলভীবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক খছরু চৌধুরী, ব্যবসায়ী আব্দুল হান্নান, দেওয়ান মোনাকিব চৌধুরী, মরহুমের ছাত্র মো. সালেহ আহমদসহ আরও অনেকে।
অনুষ্ঠানে সময়ানুবর্তিতাকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়। প্রত্যেক বক্তার জন্য দুই মিনিট সময় নির্ধারণ করা হয় এবং নির্ধারিত সময়ের মধ্যে বক্তব্য শেষ করার আহ্বান জানানো হয়। সময় মেনে সংক্ষিপ্ত ও গঠনমূলক বক্তব্য উপস্থাপনের স্বীকৃতিস্বরূপ মৌলভীবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম শেফুলের হাতে ‘সময়কে সম্মান, ব্যক্তিত্বের পরিচয়’ শীর্ষক বিশেষ ক্রেস্ট তুলে দেওয়া হয়।
এ সময় লন্ডন বইমেলা-২০২৬-এ প্রকাশিত ম্যাগাজিন ‘স্বচিন্তা’-এর একটি কপি মিরপুর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের যুগ্ম আহ্বায়ক এস এম মেহেদী হাসানের হাতে তুলে দেন কবি মিনারা আজমী।
এ ছাড়া শেখ নুরুল ইকবালকে নিয়ে এস এম মেহেদী হাসানের রচিত প্রবন্ধটি জাতীয় দৈনিক রূপালী বাংলাদেশ-এর ১ জুলাই সংখ্যায় প্রকাশিত হওয়ায় অনুষ্ঠানে পত্রিকাটির কপি অতিথিদের মধ্যে বিতরণ করা হয়। একই সঙ্গে প্রবন্ধটির ফ্রেমবন্দি একটি কপি মরহুমের পরিবারের সদস্যদের হাতে তুলে দেওয়া হয়।
শেষে মরহুম শেখ নুরুল ইকবালের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। পরে তার পরিবারের পক্ষ থেকে উপস্থিত অতিথি, শুভানুধ্যায়ী ও অংশগ্রহণকারীদের আপ্যায়নের ব্যবস্থা করা হয়।

