ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

গজারিয়ায় কোস্ট গার্ডের অভিযানে দেড় কোটি টাকার অবৈধ জাল জব্দ

গজারিয়া (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: জানুয়ারি ৪, ২০২৬, ০৫:২০ পিএম
ছবি: রূপালী বাংলাদেশ

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় কোস্ট গার্ডের নেতৃত্বে পরিচালিত এক যৌথ অভিযানে প্রায় ১ কোটি ৪৫ লাখ টাকা মূল্যের বিভিন্ন প্রকার অবৈধ জাল জব্দ করা হয়েছে।

রোববার (০৪ জানুয়ারি) সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত শনিবার (০৩ জানুয়ারি ২০২৬) সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত গজারিয়া উপজেলার লঞ্চঘাট, রসূলপুর, চরকিশোরগঞ্জ, মেঘনা নদীর মোহনা, চর ঝাপটা, ষাটনলসহ তৎসংলগ্ন এলাকায় একটি বিশেষ কম্বিং অপারেশন পরিচালনা করা হয়। অভিযানে কোস্ট গার্ডের সঙ্গে বাংলাদেশ নৌবাহিনী, নৌ পুলিশ ও মৎস্য অধিদপ্তরের সদস্যরা অংশগ্রহণ করেন।

অভিযান চলাকালে উক্ত এলাকাগুলো থেকে প্রায় ১ কোটি ৪৫ লাখ ৪৬ হাজার টাকা মূল্যের মোট ৫০টি অবৈধ চায়না দুয়ারী জাল, ৯৪ হাজার ৫০০ মিটার চরঘেরা জাল এবং ৫ হাজার ৬০০ মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করা হয়। পরবর্তীতে জব্দকৃত সব অবৈধ জাল গজারিয়া উপজেলা মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে বিধি অনুযায়ী বিনষ্ট করা হয়।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা আরও বলেন, দেশের মৎস্য সম্পদ সংরক্ষণ ও নদী-নৌপথে আইনশৃঙ্খলা বজায় রাখতে বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।