মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় নৈশপ্রহরীকে অস্ত্রের মুখে জিম্মি করে দুটি গ্যারেজের তালা ভেঙে চার্জে রাখা ১০টি অটোরিকশার ৩৪টি ব্যাটারি চুরি করেছে সংঘবদ্ধ ডাকাতচক্র। চুরি হওয়া ব্যাটারিগুলোর মূল্য ৫ লাখ টাকার বেশি। ব্যাটারি হারিয়ে দিশাহারা হয়েছেন একাধিক অটোরিকশা চালক।
শনিবার রাত ৩টার দিকে গজারিয়া উপজেলার বালুয়াকান্দী ইউনিয়নের তেতৈতলা পুরাতন মেঘনা ঘাট বাজার এলাকায়। বাজারের মাইনুদ্দিন প্রধানের মালিকানাধীন দুটি গ্যারেজের তালা ভেঙে ব্যাটারিগুলো নিয়ে যায় ডাকাত দল।
নৈশপ্রহরী আবুল হোসেন (৭০) জানিয়েছেন, প্রতিদিন বাজারের তিনটি স্থানে তিনজন নৈশপ্রহরী পাহারা দেন। ঘটনার রাতে তিনি সড়কের মুখে দায়িত্ব পালন করছিলেন। রাত ৩টার দিকে ৫-৬ জনের একটি ডাকাত দল তার গলায় রামদা ধরে এবং পিস্তল দেখিয়ে হাত ও মুখ বেঁধে সড়কের পাশে রেখে যায়। এরপর তারা নির্বিঘ্নে ডাকাতি করে।
অপর নৈশপ্রহরী ইমান আলী জানান, তিনি সাধারণত নদীর পাড় এলাকায় দায়িত্ব পালন করেন। ঘটনার রাতে ওইদিকে যাননি। ফজরের নামাজের পর ডাকাতির খবর জানতে পারেন।
ব্যাটারি চুরির ঘটনায় ক্ষতিগ্রস্ত অটোরিকশা চালকদের মধ্যে চরম উদ্বেগ ও হতাশা বিরাজ করছে। ভুক্তভোগী অটোচালক বিল্লাল হোসেন বলেন, আমরা গরিব মানুষ। কিস্তিতে টাকা তুলে অটোরিকশা কিনেছি। এখন ব্যাটারি না থাকলে গাড়ি চলবে না। সংসার চালাব কীভাবে, আবার কিস্তির টাকাই দেব কীভাবে?
ক্ষতিগ্রস্ত অটোচালকরা হলেন- আনোয়ার হোসেন, কামাল হোসেন, শামীম, বিল্লাল হোসেন, সাইদ, নিরব, হৃদয়, রাসেল মিয়া, সানি ও তানভীর ইসলাম। সবাই বালুয়াকান্দী ইউনিয়নের তেতৈতলা গ্রামের বাসিন্দা।
এ বিষয়ে তেতৈতলা মেঘনা ঘাট বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মিজানুর রহমান দেওয়ান বলেন, বাজার এলাকায় একাধিক সিসিটিভি ক্যামেরা রয়েছে। প্রশাসনের প্রতি অনুরোধ, গরিব মানুষগুলোর কষ্ট বিবেচনা করে দ্রুত অপরাধীদের শনাক্ত ও গ্রেপ্তারের ব্যবস্থা করা হোক।
গজারিয়া থানার ওসি মো. হাসান আলী জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও পর্যালোচনা করা হচ্ছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান।


