ময়মনসিংহের ভালুকায় ডেলিভারি ম্যানকে পিটিয়ে চলন্ত পিকআপ থেকে ফেলে ৩০ লাখ টাকার ব্যাটারি লুটের ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। একই সাথে লুট হওয়া ৪৬০টি ব্যাটারির মাঝে ৪২৪টি ব্যাটারি, ব্যবহৃত পিকআপ এবং নগদ ২০ হাজার টাকা জব্দ করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখান থানার রাজানগর গ্রামের লোকমান ওরফে সাগর ওরফে মিনহাজ (২৮) এবং কুমিল্লার তিতাস থানার কালাই গোবিন্দপুর গ্রামের মোহাম্মদ আলী (৩৮)।
শনিবার (৩১ জানুয়ারি) ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবদুল্লাহ আল মামুন এ তথ্য নিশ্চিত করেন।
পুলিশ জানায়, গত ২৩ জানুয়ারি দিবাগত রাত ১২টার দিকে নারায়ণগঞ্জের রূপগঞ্জের জিঅজ ইন্ডাস্ট্রিজ লিমিটেড থেকে ৪৬০টি লিড এসিড ব্যাটারি এবং ৬৩ পিস টি-শার্ট নিয়ে একটি পিকআপে করে ময়মনসিংহ জেলার ফুলপুরের উদ্দেশে রওনা দেয়। ভোররাত আনুমানিক ৪টায় ভালুকা উপজেলার হবিরবাড়ি সিডস্টোর এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে পুষ্প কানন ফিলিং স্টেশনের সামনে চালক লোকমান ওরফে সাগর গাড়িটি থামিয়ে দেয়।
এ সময় চালক ও তার দুই সহযোগী মিলে গাড়িতে থাকা ফ্যাক্টরির ডেলিভারি ম্যান রুবেল হাওলাদারকে পিটিয়ে গুরুতর আহত করে এবং গলায় চাকু ধরে চলন্ত পিকআপ থেকে ফেলে দেয। পরে ব্যাটারি বোঝাই পিকআপ নিয়ে পালিয়ে যায়।
এ ঘটনার পর ময়মনসিংহ ডিবি পুলিশের একটি দল তদন্তে নামে। পরে তথ্য প্রযুক্তির সহায়তায় গত ২৯ জানুয়ারি রাতে প্রথমে রাজধানীর খিলক্ষেত এলাকা থেকে মুল আসামি লোকমান ওরফে সাগরকে গ্রেপ্তার করে। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে গাজীপুর গাছা থানা এলাকা থেকে অপর আসামি মোহাম্মদ আলীকে গ্রেপ্তার করে।
দুইজনকে গ্রেপ্তারের পর ৩০ জানুয়ারি ঢাকার খিলক্ষেত এলাকার বালুরঘাট পিকআপটি উদ্ধার করা হয়। একই রাতে গাজীপুরের টঙ্গী পূর্ব থানার আরিচপুর এলাকার একটি বাড়ি থেকে লুণ্ঠিত ২০৩ কার্টনে থাকা ৪২৪টি ব্যাটারি উদ্ধার করা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) আবদুল্লাহ আল মামুন বলেন, গ্রেপ্তার আসামি লোকমান ওরফে সাগর একজন পেশাদার অপরাধী। তার বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় ৯টি মামলা রয়েছে। ঘটনার সাথে জড়িত অন্যান্যদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তারকৃত আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে।

