ময়মনসিংহের ভালুকায় ধর্ম অবমাননার অভিযোগ তুলে গণপিটুনিতে নিহত পোশাক শ্রমিক দীপু চন্দ্র দাসের পরিবারকে ২৫ লাখ টাকার সঞ্চয়পত্র দিয়েছে সরকার।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে এ সঞ্চয়পত্র নিহত দীপুর পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
বিকেলে বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোট ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে এক সংবাদ সম্মেলনে বিষয়টি জানায়। এ সময় নিহতের পরিবারের সদস্যরা ক্ষতিপূরণ পাওয়ার কথা স্বীকার করলেও হত্যাকাণ্ডের বিচার নিয়ে অসন্তোষ প্রকাশ করেন।
সংবাদ সম্মেলনে দীপু চন্দ্র দাসের মা শেফালী রানী দাস বলেন, সরকার তাদের আজ ২৫ লাখ টাকা দিয়েছে। তবে তিনি সরকারের কাছে তার ছেলের স্ত্রীর জন্য একটি চাকরির দাবি জানান।
ছেলে হত্যার বিচার প্রসঙ্গে শেফালী রানী দাস বলেন, যারা এই অপরাধের সঙ্গে জড়িত, তাদের সবাইকে এখনো গ্রেপ্তার করা হয়নি। মামলার অগ্রগতিতেও আমরা সন্তুষ্ট নই।
নিহতের বাবা রবি লাল চন্দ্র দাস বলেন, সরকারের কাছে আমার একটাই অনুরোধ—আমার ছেলে হত্যার দৃষ্টান্তমূলক বিচার চাই।’
দীপুর স্ত্রী মেঘনা রবিদাস বলেন, আমার কিছু বলার নেই। আমি শুধু আমার স্বামী হত্যার বিচার চাই।
বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের সহমুখপাত্র কুশল বরণ চক্রবর্তী বলেন, অতীতে বাংলাদেশে সংখ্যালঘু হত্যার ঘটনায় পরিবারের হাতে এভাবে ক্ষতিপূরণ দেওয়ার নজির খুব কম। এ জন্য তাঁরা সরকারকে ধন্যবাদ জানান।
সংগঠনের প্রতিনিধি সুমন রায় বলেন, দীপু দাস হত্যার দিন হামলার শিকার হয়ে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরিফ ওসমান হাদি চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তবে রাষ্ট্র যেভাবে হাদির বিষয়টি দেখেছে, দীপু দাসের ক্ষেত্রে তেমনটি দেখা যায়নি।
সংবাদ সম্মেলনে আরও বক্তব্য দেন বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের প্রতিনিধি প্রসেনজিৎ কুমার হালদারসহ অন্যরা।
উল্লেখ্য, গত বছরের ১৮ ডিসেম্বর রাতে ধর্ম অবমাননার অভিযোগ তুলে উত্তেজিত জনতা দীপু চন্দ্র দাসকে গণপিটুনি দিয়ে হত্যা করে। পরে তাঁর মরদেহ বিবস্ত্র করে গাছে ঝুলিয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়। এ ঘটনায় নিহতের ছোট ভাই অপু দাস ১৯ ডিসেম্বর ভালুকা থানায় অজ্ঞাতনামা ১৫০ জনকে আসামি করে মামলা করেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এ পর্যন্ত হত্যাকাণ্ডে জড়িত ২২ জনকে গ্রেপ্তার করেছে।
দীপু চন্দ্র দাস ময়মনসিংহের তারাকান্দা উপজেলার মোকামিয়া কান্দা গ্রামের বাসিন্দা। তিনি ওই এলাকার রবি চন্দ্র দাসের ছেলে। গত দুই বছর ধরে তিনি ভালুকার জামিরদিয়া এলাকার পাইওনিয়ার নিটওয়্যারস বিডি লিমিটেড নামের একটি পোশাক কারখানায় কাজ করছিলেন।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন