ময়মনসিংহের তারাকান্দায় সংসদ সদস্য মুফতি মুহাম্মাদুল্লাহকে সংবর্ধনা ও ইফতার মাহফিলে হামলার অভিযোগ উঠেছে বিএনপির নেতাকর্মীর বিরুদ্ধে।
মঙ্গলবার (৩ মার্চ) বিকেল ৪টার দিকে উপজেলার ঢাকুয়া ইউনিয়নের হরিয়াঘাই বাজারে এ ঘটনা ঘটে।
তারাকান্দা থানার ওসি মো. তানভীর আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সংসদ সদস্য মুফতি মুহাম্মাদুল্লাহর আগমন উপলক্ষে ১১ দলীয় জোট ঢাকুয়া ইউনিয়নের হরিয়াঘাই বাজারে সংবর্ধনা ও ইফতার পার্টির আয়োজন করে। অনুষ্ঠানে ময়মনসিংহ-২ (তারাকান্দা-ফুলপুর) আসনের সংসদ সদস্য মুফতি মুহাম্মাদুল্লাহকে সংবর্ধনা জানানো হয়।
এমতাবস্থায় অনুষ্ঠান চলাকালীন স্থানীয় বিএনপির নেতাকর্মীরা, ময়মনসিংহ উত্তর জেলা তাঁতীদলের সদস্য সচিব রনপ আহমেদ আজিজুলের নেতৃত্বে মঞ্চ, চেয়ার ও টেবিল ভাঙচুর করে। এ ছাড়া, এমপির এক কর্মীকে মারধর করে তার হাতে থাকা স্মার্টফোন ছিনিয়ে নেওয়ার অভিযোগও ওঠে।
ময়মনসিংহ উত্তর জেলা তাঁতীদলের সদস্য সচিব রনপ আহমেদ আজিজুল বলেন, ‘কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা এই আয়োজন করেছিল। এতে স্থানীয়রা ক্ষিপ্ত হয়ে মঞ্চ, চেয়ার ও টেবিল ভাঙচুর করেছে। তবে একটি কুচক্রি মহল আমাকে ফাঁসানোর চেষ্টা করছে। এই ঘটনার সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই।’
তারাকান্দা থানার ওসি মো. তানভীর আহমেদ বলেন, ‘চেয়ার ও টেবিল ভাঙচুরের ঘটনা ঘটেছে। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’



সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন