তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যে নির্বাচনী প্রতিশ্রুতি দিয়েছিল, সেগুলো বাস্তবায়নে কাজ করছে।
বৃহস্পতিবার (১৯ মার্চ) নান্দাইল উপজেলার শেরপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে ইমাম হোসেন উচ্চ বিদ্যালয়ের মাঠে আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে তিনি এ কথা বলেন।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, জনগণের ভোটে বিজয়ী হয়ে সরকার গঠনের পর নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতির মধ্যে ফ্যামিলি কার্ড বাস্তবায়ন ও খাল পুনঃখনন কার্যক্রম শুরু করেছি। প্রধানমন্ত্রী তারেক রহমান আপনাদের হাতে ভোটের সময় লাগানো দাগ মুছে যাওয়ার আগেই প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছেন।
ইয়াসের খান চৌধুরী নিজ সংসদীয় আসনে নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি সম্পর্কে নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, উপজেলার সব ইউনিয়নের শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন, রাস্তাঘাট পাকাকরণসহ আগামী ৪ মাসে নান্দাইলে ৬০টি রাস্তা পাকাকরণ করা হবে।
প্রতিমন্ত্রী আরও বলেন, ইতোমধ্যে নান্দাইলের কাঁচা রাস্তার তালিকা করা হয়েছে, খুব দ্রুতই সেগুলো পাকাকরণের কাজ শুরু হবে।
দোয়া ও ইফতার মাহফিলে উপজেলা ও ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন