ময়মনসিংহের গফরগাঁওয়ে খাদ্য অধিদপ্তরের সিলযুক্ত ৫৩ বস্তা সরকারি চাল জব্দ করেছে পুলিশ। একই সাথে ঘটনার সাথে জড়িত চারজনকে আটক করা হয়েছে।
আটককৃতরা হলেন মৃত আব্দুল লতিফের ছেলে মো. নজরুল ইসলাম (৬০), আবুল কাশেমের ছেলে পলাশ (৩২), মৃত লালু মেম্বারের ছেলে একেএম বছির উদ্দিন আহম্মেদ সোহেল (৪২) ও মৃত আব্দুল জলিলের ছেলে মো. সোহেল (৪৩)। তারা প্রত্যেকেই উপজেলার গফরগাঁও ইউনিয়নের নামা উথুরী গ্রামের বাসিন্দা।
পরে গফরগাঁও থানার এসআই মোহাম্মদ নুরুল ইসলাম বাদি হয়ে বিশেষ ক্ষমতা আইনে আটককৃতদের নামে মামলা দায়ের করেন।
সোমবার (২৭ এপ্রিল) বিকালে গফরগাঁও থানার ওসি আতিকুর রহমান মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলা সূত্র জানায়, রোববার (২৬ এপ্রিল) দুপুরে গফরগাঁও থানা পুলিশ গোপন সংবাদে জানতে পায়, নামা উথুরী গ্রামের জয়নাল আবেদিনের পরিত্যক্ত টিনশেড রাইস মিলে খাদ্য অধিদপ্তরের সিলযুক্ত পাটের বস্তায় সরকারি চাল অবৈধভাবে মজুত করে রাখা হয়েছে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রতিটি ৩০ কেজি ওজনের ৫৩ বস্তা সরকারি চাল জব্দ করে। এ সময় নজরুল ইসলাম নামে একজনকে আটক করে এবং চারজন পালিয়ে যায়। পরবর্তীতে অভিযান চালিয়ে আরও তিনজনকে আটক করে পুলিশ।
গফরগাঁও ইউনিয়ন পরিষদের প্রশাসক মাহমুদুল হাসান বলেন, চালগুলো এই পরিষদের না। উপকারভোগীদের কাছ থেকে ক্রয় করে মজুত করে থাকতে পারে।
গফরগাঁও থানার ওসি আতিকুর রহমান বলেন, মামলার পর চার আসামিকে আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়েছে।

