ঢাকা বুধবার, ১৭ জুন, ২০২৬

স্বামীকে বেঁধে গৃহবধূকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

ময়মনসিংহ প্রতিনিধি
প্রকাশিত: জুন ১৭, ২০২৬, ০৭:৩৮ পিএম
ছবি : সংগৃহীত

ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাগলা থানা এলাকায় স্বামীর হাত-পা-মুখ বেঁধে এক সন্তানের জননীকে (২৫) তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৬ জুন) মধ্য রাতে উপজেলার পাগলা থানা এলাকার একটি গ্রামে এ ঘটনা ঘটে।

বুধবার (১৭ জুন) ওই গৃহবধূর মা বাদী হয়ে আটজনকে অভিযুক্ত করে পাগলা থানায় অভিযোগ দায়ের করেন।

পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

ভিকটিমের স্বামী বলেন, একটি ঘরের দুটি কক্ষের একটিতে মা ও অন্যটিতে সন্তান ও স্ত্রীকে নিয়ে বসবাস করি। মঙ্গলবার রাত ১টার দিকে আটজন মুখ বাধা অবস্থায় ঘরে ডুকে আমার হাত-পা-মুখ বেধে মারধর করে।

একপর্যায়ে দুর্বৃত্তরা আমার স্ত্রীকে জোর করে ঘর থেকে তুলে নিয়ে যায় এবং বাড়ি থেকে প্রায় দেড়শ মিটার দূরে সংঘবদ্ধ ধর্ষণ করে। পরে স্বজনরা টের পেয়ে আমার স্ত্রীকে উদ্ধার করে বাড়ি নিয়ে যান।

ওই নারীর মা কাঁদতে কাঁদতে বলেন, আমি অসহায় মা। আমার স্বামী প্রতিবন্ধী ছিল, মইরা গেছে। মাইয়াডারে লইয়া থাকতাম। যারা আমার মাইয়াডার সর্বনাশ করছে তাগর কঠিন বিচার চাই।

পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, ঘটনার শিকার নারীকে ফরেনসিক পরীক্ষা ও চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে। এ ঘটনায় অভিযোগ পেয়েছি। মামলা প্রক্রিয়াধীন আছে বলেও জানান তিনি।