নারায়ণগঞ্জে একযোগে তিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) প্রত্যাহার (ক্লোজড) করা হয়েছে।
রোববার (৫ এপ্রিল) জেলার সিদ্ধিরগঞ্জ থানার ওসি আবদুল বারিক ও সদর মডেল থানার ওসি আব্দুল হালিমকে প্রত্যাহার করে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়।
বিষয়টি নিশ্চিত করেন নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী। তিনি বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে এ সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে। তবে কী কারণে এই কর্মকর্তাদের ক্লোজড করা হয়েছে, সে বিষয়ে আদেশে কোনো কারণ উল্লেখ করা হয়নি।
তিনি আরও জানান, প্রত্যাহার করা কর্মকর্তাদের বিরুদ্ধে নির্দিষ্ট কোনো অভিযোগের তথ্য পাওয়া যায়নি।
এর আগে গত ২ এপ্রিল রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সবজেল হোসেনকেও প্রত্যাহার করা হয়। তাঁর স্থলে এ এইচ এম সালাউদ্দিন নামে এক পুলিশ পরিদর্শককে নতুন ওসি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

