নারায়ণগঞ্জে শুল্ক কর ফাঁকি দিয়ে আনা বিপুল পরিমাণ ভারতীয় এনার্জি ড্রিংকসসহ এক পাচারকারীকে আটক করেছে কোস্ট গার্ড। রোববার (১৯ এপ্রিল) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রাত ২টায় কোস্ট গার্ড স্টেশন নারায়ণগঞ্জের ফতুল্লা থানাধীন শিবু মার্কেট সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে ওই এলাকায় একটি সন্দেহজনক কাভার্ড ভ্যান তল্লাশি করে অবৈধভাবে শুল্ক কর ফাঁকি দিয়ে আনা প্রায় ৯ লাখ ১৯ হাজার টাকা মূল্যের ১ হাজার ৮৩৮ পিস ভারতীয় এনার্জি ড্রিংকসসহ (রেড বুল) এক পাচারকারীকে আটক করা হয়।
জব্দ করা এনার্জি ড্রিংকস, পাচার কাজে ব্যবহৃত কাভার্ড ভ্যান এবং আটককৃত পাচারকারীর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। তিনি আরও বলেন, চোরাচালান রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।
-20260418223544.webp)

