ঢাকা সোমবার, ২০ জুলাই, ২০২৬

নারায়ণগঞ্জে প্রায় ৩ কোটি টাকার নিষিদ্ধ পলিথিন জব্দ

নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ১৯, ২০২৬, ০৭:১৭ পিএম
ছবি : সংগৃহীত

নারায়ণগঞ্জের সাইনবোর্ড গোলচত্বর সংলগ্ন এলাকায় পৃথক দুই অভিযানে প্রায় ৩ কোটি টাকার নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। উদ্ধার হওয়া পলিথিনের মোট পরিমাণ ২৪ হাজার ৬৮০ কেজি।

রোববার (১৯ জুলাই) কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে গত ১৮ জুলাই দিবাগত রাত ৩টার দিকে কোস্ট গার্ড স্টেশন পাগলা সাইনবোর্ড গোলচত্বর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় সন্দেহজনক দুটি ট্রাকে তল্লাশি চালিয়ে প্রায় ২ কোটি ৮৩ লাখ ৬৫ হাজার টাকা মূল্যের ২৩ হাজার ২৫০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়।

এর আগে, ১৭ জুলাই একই এলাকায় পরিচালিত আরেকটি অভিযানে প্রায় ১৭ লাখ ৪৫ হাজার টাকা মূল্যের ১ হাজার ৪৩০ কেজি অবৈধ পলিথিন উদ্ধার করা হয়েছিল।

জব্দ করা পলিথিন ধ্বংসের জন্য নারায়ণগঞ্জ পরিবেশ অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হয়েছে। অভিযানের সময় ট্রাকের চালক ও সহকারীর কাছ থেকে মুচলেকা নিয়ে তাদের ট্রাকসহ ছেড়ে দেওয়া হয়।

কোস্ট গার্ড জানিয়েছে, পরিবেশ দূষণ রোধ ও নিষিদ্ধ পলিথিনের ব্যবহার বন্ধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।