নাটোরে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত ও চারজন আহত হয়েছেন। শনিবার (২১ মার্চ) বিকেল ও রাতে জেলার হরিশপুর ও সদর উপজেলার একডালা এলাকায় এসব দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, বিকেল ৫টার দিকে হরিশপুর এলাকায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক ট্রাকচালকের সহকারী নিহত হন এবং আরও দুইজন আহত হন।
নিহতের বাড়ি কুষ্টিয়ার দৌলতপুর এলাকায়। দুর্ঘটনার পর ট্রাকচালক পালিয়ে গেলেও পুলিশ ট্রাকটি জব্দ করেছে।
অন্যদিকে, রাত ৯টার দিকে সদর উপজেলার বনবেলঘড়িয়া বাইপাসের বাবুর পুকুরপাড় এলাকায় শান্তি ফিলিং স্টেশনের সামনে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নাঈম হোসেন নামে এক যুবক ঘটনাস্থলেই নিহত হন।
গুরুতর আহত অবস্থায় আরও দুইজনকে নাটোর আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহতরা হলেন- শফিকুল ইসলাম (২৫) ও রাব্বি ইসলাম (২৪)। নিহত নাঈম একই এলাকার নারায়ণপুর গ্রামের বাসিন্দা।
প্রত্যক্ষদর্শীরা জানান, বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালানোর কারণেই এ দুর্ঘটনা ঘটে।
নাটোর ঝলমলিয়া হাইওয়ে থানার ওসি মাহবুর রহমান জানান, হরিশপুরের দুর্ঘটনায় চালকের সহকারী ঘটনাস্থলেই মারা যান এবং দুর্ঘটনার পর চালক পালিয়ে যান।
এছাড়া একডালা এলাকার দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে।
সড়কে বেপরোয়া যান চলাচল নিয়ন্ত্রণে হাইওয়ে পুলিশের চেকপোস্ট কার্যক্রম অব্যাহত রয়েছে।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন