ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

সাবেক আ.লীগ এমপির পাম্পে গোপনে তেল বিক্রি, জরিমানা

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি
প্রকাশিত: এপ্রিল ৮, ২০২৬, ০১:৪৪ পিএম
পাটোয়ারী ফিলিং স্টেশনে ভ্রাম্যমাণ আদালতের অভিযান। ছবি: রূপালী বাংলাদেশ

নাটোরের বড়াইগ্রাম উপজেলায় তেল সংকটের মধ্যে গোপনে পেট্রোল বিক্রির অভিযোগে পাটোয়ারী ফিলিং স্টেশনকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। অভিযুক্ত প্রতিষ্ঠানটি স্থানীয় পলাতক সাবেক সংসদ সদস্যের মালিকানাধীন বলে জানা গেছে।

বুধবার (৮ এপ্রিল) সকালে তেল সংকটকে কেন্দ্র করে ক্ষুব্ধ মোটরসাইকেল চালক ও সাধারণ মানুষ সড়ক অবরোধ করলে এলাকায় উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়। দীর্ঘ সময় তেল না পেয়ে বিক্ষুব্ধ জনতা সড়কে অবস্থান নিলে উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে উপজেলা নির্বাহী কর্মকর্তা লায়লা জান্নাতুল ফেরদৌস ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিক্ষুব্ধ জনতাকে শান্ত করেন। পরে প্রশাসনের হস্তক্ষেপে সড়ক অবরোধ তুলে নেওয়া হলে পরিস্থিতি স্বাভাবিক হয়।

এ ঘটনার পর উপজেলা প্রশাসনের তদন্তে উঠে আসে, সংশ্লিষ্ট পাটোয়ারী ফিলিং স্টেশন নিয়ম উপেক্ষা করে গভীর রাতে উপজেলা প্রশাসন ও দায়িত্বপ্রাপ্ত ট্যাগ অফিসারকে না জানিয়ে গোপনে প্রায় ২ হাজার ৬০০ লিটার পেট্রোল বিক্রি করেছে।

অভিযোগের সত্যতা নিশ্চিত হওয়ার পর ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

উপজেলা প্রশাসন জানিয়েছে, জ্বালানি তেল বিতরণে কোনো ধরনের অনিয়ম সহ্য করা হবে না। জনস্বার্থে এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে ভবিষ্যতেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করা হয়।