ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

খাল খননে বাড়বে কর্মসংস্থান, দূর হবে পানির সংকট : প্রতিমন্ত্রী পুতুল

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি
প্রকাশিত: মে ৪, ২০২৬, ০৩:৫০ পিএম
ছবি- রূপালী বাংলাদেশ

সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল বলেছেন, খাল খননের মাধ্যমে একদিকে যেমন কর্মসংস্থান সৃষ্টি হবে, অন্যদিকে এ অঞ্চলে পানির সংকট অনেকটাই দূর হবে। তিনি বলেন, গ্রামীণ জনপদের উন্নয়নই দেশের সামগ্রিক উন্নয়নের ভিত্তি।

সোমবার (৪ মে) সকালে নাটোরের বাগাতিপাড়া উপজেলায় দুটি খাল খনন কাজের উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, সরকার এমন একটি দেশ গড়ার লক্ষ্য নিয়ে কাজ করছে, যেখানে অন্যের ওপর নির্ভরশীল হতে হবে না। তিনি জানান, মাছ চাষ, পানি ব্যবস্থাপনা ও কৃষিতে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করতে পারলে দেশ আরও শক্তিশালী হবে।

নারীদের কর্মসংস্থানের বিষয়ে গুরুত্বারোপ করে ফারজানা শারমিন পুতুল বলেন, সারা দেশে প্রায় লক্ষাধিক কর্মসংস্থান সৃষ্টির পরিকল্পনা রয়েছে, যার ৮০ শতাংশই নারীদের জন্য বরাদ্দ থাকবে। তিনি আরও জানান, লালপুর-বাগাতিপাড়া এলাকায় নারীদের জন্য আলাদা কর্মসংস্থানের উদ্যোগ নেওয়া হবে।

নিজের নির্বাচনি এলাকায় মিট প্রসেসিং জোন স্থাপনের পরিকল্পনার কথাও তুলে ধরেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, এ অঞ্চলে প্রচুর মাংস উৎপাদন হয়, কিন্তু কোল্ড স্টোরেজের অভাবে অনেক সময় তা নষ্ট হয়ে যায়। তাই মিট প্রসেসিং জোন স্থাপন জরুরি। পাশাপাশি সামগ্রিক উন্নয়নের লক্ষ্যে কৃষিপণ্য সংরক্ষণ ও ব্যবস্থাপনাতেও গুরুত্ব দেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, এলাকার উন্নয়নে স্থানীয় জনগণের কর্মসংস্থান নিশ্চিত করা হবে, যাতে বাইরের শ্রমিকের ওপর নির্ভর করতে না হয়।

এ সময় বাগাতিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলাউদ্দিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জিয়াউর রহমান এবং স্থানীয় রাজনৈতিক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।