ঢাকা শনিবার, ১৩ জুন, ২০২৬

মাদক সেবনের প্রতিবাদ করায় যুবককে ছুরিকাঘাত

নেত্রকোনা প্রতিনিধি
প্রকাশিত: জানুয়ারি ১১, ২০২৬, ০৪:৪৯ পিএম
ছবি- রূপালী বাংলাদেশ

নেত্রকোনার মোহনগঞ্জে মাদক সেবনের প্রতিবাদ করায় মো. মাসুদ রানা (২৫) নামে এক যুবককে বেধড়ক মারধর ও ছুরিকাঘাতে গুরুতর আহত করেছে মাদকসেবীরা।

শনিবার (১০ জানুয়ারি) রাত ১০টার দিকে উপজেলার ঝিমটি বাজারে এ ঘটনা ঘটে।

আহত মাসুদ রানাকে স্থানীয়রা উদ্ধার করে মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এ ঘটনায় রোববার সকালে তিনি মোহনগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগ সূত্রে জানা যায়, ঝিমটি বাজারে শরীফ মিয়ার রেস্টুরেন্টে নিয়মিত নেশাদ্রব্য সেবনের প্রতিবাদ করায় ক্ষিপ্ত হয়ে শরীফ মিয়া, তার ভাই ও স্বজনরা মাসুদ রানার ওপর হামলা চালান। হামলার সময় লোহার রড ও লাঠি দিয়ে মারধরের পাশাপাশি বাম কানের পাশে ছুরিকাঘাত করা হয়।

মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুল ইসলাম হারুন অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনার তদন্ত চলছে এবং দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ ঘটনায় স্থানীয়রা দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।