কুষ্টিয়ার দৌলতপুরে দুষ্কৃতকারীদের এলোপাতাড়ি গুলিতে স্বেচ্ছাসেবক দলের এক নেতাসহ অন্তত ১০ জন গুলিবিদ্ধ হয়েছেন।
সোমবার (২০ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার মরিচা ইউনিয়নের মাজদিয়াড় গ্রামে এ হামলার ঘটনা ঘটে। ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গভীর রাতে একদল মুখোশধারী দুষ্কৃতকারী মরিচা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রবিউল ইসলামকে নিজ বাড়ির পাশের একটি দোকান থেকে অস্ত্রের মুখে জোরপূর্বক তুলে নেওয়ার চেষ্টা করে।
এ সময় তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে দুষ্কৃতকারীরা বন্দুক ও শর্টগান দিয়ে এলোপাতাড়ি গুলি ছোড়ে। এতে নারী-পুরুষসহ অন্তত ১০ জন গুলিবিদ্ধ হয়ে আহত হন।
পদ্মার চরে বালু উত্তোলনকে কেন্দ্র করে স্থানীয় বিরোধের জেরে এ হামলার ঘটনা ঘটতে পারে বলে ধারণা করছেন স্থানীয়রা।
হামলা ও গুলিতে আহতরা হলেন: মরিচা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রবিউল ইসলাম (৩৬), তার পিতা মো. হাফেজ প্রামাণিক (৭০), সোহেল রানা (৪৫), তার স্ত্রী তমা খাতুন (২৬), কামরুল ইসলাম (৩৭), মুন্নি (২৪), রুনা খাতুন (২৭), মিতা খাতুন (৩০), তৌহিদুল ইসলাম (৩০) ও তার স্ত্রী মেরিনা (২৫)।
আহতদের মধ্যে রবিউল ইসলাম ও তার পিতা মো. হাফেজ প্রামাণিককে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যরা কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এ ঘটনার পর এলাকায় আতঙ্ক ও উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে।
দৌলতপুর থানার ওসি আরিফুর রহমান জানান, দুষ্কৃতকারীদের গুলিতে স্বেচ্ছাসেবক দলের নেতাসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থলে অবস্থান করছে এবং বর্তমানে এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
তিনি আরও জানান, এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তবে এ ঘটনায় এখনো কাউকে আটক করা হয়নি।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন