পাবনায় রিমান্ডে থাকা আসামির তথ্যের ভিত্তিতে একটি বিদেশি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল। পাবনা সদর উপজেলার সুখচর গ্রামে অভিযান চালিয়ে এই আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়।
শুক্রবার (৮ মে) সকালে প্রেস বিজ্ঞপ্তিতে পুলিশ সুপার ছূফি উল্লাহ জানান, গত ২৬ এপ্রিল সদর উপজেলার চরতারাপুরের সুখচর গ্রামে অভিযান চালিয়ে জাহাঙ্গীর হোসেনকে (৩৬) আটক করা হয়।
এসময় তার কাছে থেকে একটি বিদেশি রিভলভার, একটি একনলা বন্দুক, ৩৬ রাউন্ড গুলি ও অস্ত্র তৈরির বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।
পরে ওই ঘটনায় দায়েরকৃত মামলায় জাহাঙ্গীর বর্তমানে পাঁচ দিনের পুলিশ রিমান্ডে ডিবি হেফাজতে রয়েছে।
ডিবির হেফাজতে জিজ্ঞাসাবাদে জাহাঙ্গীর হোসেনের দেওয়া তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার (৭ মে) দিনগত রাত দেড়টার দিকে তার বাড়িতে অভিযান চালিয়ে আরও একটি বিদেশি একনলা বন্দুক উদ্ধার করা হয়।
জাহাঙ্গীর হোসেন পাবনা সদর উপজেলার চরতারাপুর ইউনিয়নের সুখচর গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন