সিলেটের বিশ্বনাথ উপজেলায় পুকুরের পানিতে ডুবে মায়মুনা আক্তার নামে দেড় বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।
রোববার (১০ মে) দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে। মায়মুনা উপজেলার সরুয়ালা (বেকারগাঁও) গ্রামের ইলিয়াস মিয়ার মেয়ে।
পরিবার সূত্রে জানা যায়, রোববার সকাল ১০টার দিকে বাড়ির অন্য শিশুদের সঙ্গে খেলছিল মায়মুনা। দুপুরের দিকে তাকে খুঁজে না পেয়ে পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে শিশুটির মা বাড়ির পুকুরে গিয়ে তাকে পানিতে ভাসতে দেখেন।
পরে দ্রুত উদ্ধার করে নর্থইস্ট হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে বিশ্বনাথ থানার ওসি গাজী মাহবুবুর রহমান জানান, এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে একটি অপমৃত্যুর মামলা দায়ের করেছেন। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন