লক্ষ্মীপুরে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগে আল আমিন ছৈয়াল নামে এক যুবদল নেতার বিরুদ্ধে মামলা করা হয়েছে।
সোমবার (৩১ মে) বিকেলে মামলার তদন্তকারী কর্মকর্তা ও সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) আবু হানিফ বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে রোববার (৩০ মে) রাতে ভুক্তভোগী গৃহবধূ বাদী হয়ে মামলা দায়ের করেন।
অভিযুক্ত আল-আমিন সদর উপজেলার চররমনী মোহন ইউনিয়নের উত্তর চররমনী গ্রামের আবু ছৈয়ালের ছেলে ও ইউনিয়ন যুবদলের নেতা।
মামলা সূত্রে জানা যায়, ভুক্তভোগী গৃহবধূর স্বামী একজন প্রবাসী। এ সুযোগে আল-আমিন বিভিন্ন সময় তাকে কু-প্রস্তাব দিয়ে আসছিলেন। এতে রাজি না হওয়ায় অভিযুক্ত তার বাড়ির টিনের চালে ইট-পাটকেল ছুড়তেন। একপর্যায়ে অতিষ্ঠ হয়ে ৯ মাস আগে গৃহবধূ তার বাবার বাড়িতে চলে যান।
গত রমজানে তিনি আবার শ্বশুরবাড়িতে যান। এরপর আবারও তাকে কু-প্রস্তাব দিয়ে আসছিলেন আল-আমিন। বৃহস্পতিবার (২৮ মে) রাতে ওই গৃহবধূ প্রাকৃতিক ডাকে সাড়া দিতে ঘর থেকে বের হলে তিনি তাকে ধর্ষণ করেন। এ ঘটনা কাউকে জানালে অথবা মামলা করলে ভিকটিমের একমাত্র ছেলেকে হত্যার হুমকিও দেন অভিযুক্ত।
ভুক্তভোগী গৃহবধূর ভাই বলেন, আমরা অপরাধীর বিচার চাই। অপরাধী যেন সর্বোচ্চ শাস্তি পায়।
এ ব্যাপারে জানতে যুবদল নেতা আল-আমিন ছৈয়ালের মোবাইলফোনে একাধিকবার কল দিলেও তিনি রিসিভ করেননি।
লক্ষ্মীপুর সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) আবু হানিফ বলেন, মামলাটি তদন্ত চলছে। এ ঘটনায় এখনো আসামি গ্রেপ্তার হয় নাই। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন