ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

নীলফামারীতে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি ৮ শিশু, মৃত্যু ১

নীলফামারী প্রতিনিধি
প্রকাশিত: এপ্রিল ৫, ২০২৬, ০৫:১৯ পিএম
ছবি- রূপালী বাংলাদেশ

নীলফামারীতে হামের উপসর্গ নিয়ে ৮ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। তারা নীলফামারী জেনারেল হাসপাতালের আইসোলেশন বিভাগে চিকিৎসাধীন রয়েছে।

রোববার (৫ এপ্রিল) বিকেলে হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. দেবাশীষ সরকার বিষয়টি নিশ্চিত করেন।

চিকিৎসাধীন শিশুরা হলো- নীলফামারী সদর উপজেলার কচুকাটা ইউনিয়নের রমজান আলীর ছেলে রাফসান (৮ মাস), শহরের বাবুপাড়া এলাকার শাজেদুল ইসলামের ছেলে সামির (১১ মাস), ফুলতলা এলাকার নুরুজ্জামানের মেয়ে নুসাইফা জান্নাত (১ বছর), দেবীরডাঙ্গা এলাকার সুমনের ছেলে রাইয়ান (৭ মাস), ইটাখোলা এলাকার ফরিদ ইসলামের মেয়ে ফারিজা (৫ মাস), চাঁদেরহাট এলাকার আনিছুর রহমানের মেয়ে মেহেজাবিন আক্তার (১ বছর), শিমুলতলী এলাকার রাকিবুল ইসলামের ছেলে অপু তালহা (৮ মাস) এবং পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার শান্তাহার এলাকার জহুরুল ইসলামের ছেলে তাকওয়া (১ বছর)।

হাসপাতাল সূত্রে জানা যায়, গতকাল ও আজ এসব শিশু জ্বর, কাশি, ডায়রিয়া ও শরীরে ফুসকুড়ির মতো উপসর্গ নিয়ে হাসপাতালে আসে। পরে তাদের আইসোলেশন বিভাগে ভর্তি করা হয়। আক্রান্ত শিশুদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

মেডিকেল অফিসার ডা. দেবাশীষ সরকার জানান, ভর্তি হওয়া শিশুদের পৃথকভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে। পরীক্ষার রিপোর্ট পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে তারা হামে আক্রান্ত কিনা। এর আগে হামের উপসর্গ নিয়ে ভর্তি ৬ শিশুর শরীরে হাম শনাক্ত হয়নি। তারা চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।

এদিকে শনিবার (৪ এপ্রিল) দিবাগত রাত ২টায় ডিমলা উপজেলার খগাখড়িবাড়ি ইউনিয়নের খগারহাট এলাকার আবু বকর সিদ্দিকের ১১ দিনের মেয়ে আফরিন জান্নাত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাশেদুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘শিশুটির অবস্থা গুরুতর হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুরে পাঠানো হয়েছিল। সেখানে নমুনা সংগ্রহের পর রাতে তার মৃত্যুর খবর পাওয়া যায়।’