ঢাকা বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬

বাস উল্টে মোটরসাইকেল আরোহী নিহত

নীলফামারী প্রতিনিধি
প্রকাশিত: জুন ২৫, ২০২৬, ০৭:১৫ পিএম
ছবি : সংগৃহীত

নীলফামারীর ডোমারে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলের ওপর উল্টে পড়ে জাহাঙ্গীর বসুনিয়া (৪৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় বাসের অন্তত ১৫ জন যাত্রী আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৫ জুন) দুপুর ৩টায় উপজেলার ধরণীগঞ্জ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত জাহাঙ্গীর বসুনিয়া চিলাহাটি এলাকার বাসিন্দা। দুর্ঘটনায় তার স্ত্রীও আহত হয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, একটি যাত্রীবাহী বাস চলাচলের সময় হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে যায়। এ সময় বাসটি একটি মোটরসাইকেলের ওপর গিয়ে পড়লে মোটরসাইকেল চালক জাহাঙ্গীর বসুনিয়া গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। বাস উল্টে যাওয়ার ঘটনায় অন্তত ১৫ জন যাত্রী আহত হন।

স্থানীয় লোকজন, ফায়ার সার্ভিসের কর্মী ও উদ্ধারকারীরা আহতদের উদ্ধার করে ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং নীলফামারী জেনারেল হাসপাতালে ভর্তি করেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুল্লাহ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজে সহায়তা করে এবং আহতদের হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে। নিহতের মরদেহ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।