গত ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ১ জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৫ জুন) সকাল ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টার হিসাব অনুযায়ী এ তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর (ডিজিএইচএস)।
এক প্রতিবেদনে এ তথ্য তুলে ধরেছে বার্তা সংস্থা ইউএনবি।
এই সময়ে নতুন করে ১৯৮ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। সর্বশেষ মৃত্যুর ঘটনাটি ঘটেছে ময়মনসিংহ বিভাগে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, নতুন করে আরও ১ জনের মৃত্যুর পর চলতি বছরে ডেঙ্গুতে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৩ জনে। অন্যদিকে, মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৫১৫ জনে। আক্রান্তদের মধ্যে পুরুষের সংখ্যা বেশি। মোট আক্রান্তের ৬৩ দশমিক ৬ শতাংশ পুরুষ এবং ৩৬ দশমিক ৪ শতাংশ নারী।
এর আগে, ২০২৫ সালে বাংলাদেশে ১ লাখ ২ হাজার ৮৬১ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলেন। এর মধ্যে ৪১৩ জন রোগী প্রাণ হারিয়েছিলেন বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর (ডিজিএইচএস)।

