ঢাকা বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬

ফিফার যে সিদ্ধান্তে ক্ষুব্ধ ইরান ও মিশর

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: জুন ২৫, ২০২৬, ০৭:২৮ পিএম
ছবি : সংগৃহীত

খেলা শুরুর আগেই বিতর্কের কেন্দ্রে চলে এসেছে ইরান বনাম মিশর ম্যাচ। সিয়াটলে সমকামী অধিকার আন্দোলনকে ঘিরে ফিফা এবং দুই দেশের ফুটবল ফেডারেশনের মধ্যে তৈরি হয়েছে উত্তেজনা। আগামী শনিবার (২৭ জুন) যুক্তরাষ্ট্রের সিয়াটল শহরে ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তবে মাঠের লড়াই শুরুর আগেই মাঠের বাইরের একটি বিষয় নিয়ে ম্যাচটি টুর্নামেন্টের অন্যতম আলোচিত ও বিতর্কিত ম্যাচে পরিণত হয়েছে।

মূলত সপ্তাহান্তে সিয়াটল শহরে সমকামী অধিকার আন্দোলনের অংশ হিসেবে পূর্বনির্ধারিত কিছু কর্মসূচি এবং এর সঙ্গে ম্যাচটির সংশ্লিষ্টতা নিয়েই তৈরি হয়েছে জটিলতা। ম্যাচ সূচি নির্ধারণের সময় ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা এটিকে ‘প্রাইড ম্যাচ’ হিসেবে চিহ্নিত করেছিল।

এর পেছনে অন্যতম কারণ, সিয়াটল ঐতিহাসিকভাবেই সমকামী অধিকার আন্দোলনের সমর্থক শহর হিসেবে পরিচিত। কাকতালীয়ভাবে ম্যাচের দিনই সেখানে অনুষ্ঠিত হতে যাচ্ছে ঐতিহ্যবাহী ‘প্রাইড প্যারেড’। সূচি ঘোষণার পর থেকেই বিষয়টি নিয়ে শুরু হয় বিতর্ক।

ইরান ও মিশর—দুই দেশের ফুটবল ফেডারেশনই তাদের ম্যাচের সঙ্গে সমকামী অধিকার সংক্রান্ত কোনো ধরনের কার্যক্রম বা প্রচারণা যুক্ত করার বিরোধিতা করেছে।

সম্প্রতি ক্রীড়া বিষয়ক ওয়েবসাইট ‘দ্য অ্যাথলেটিক’-এ ইরান ফুটবল ফেডারেশনের প্রতিনিধিদের দেওয়া বক্তব্য প্রকাশের পর বিষয়টি নতুন করে আলোচনায় আসে।

ফেডারেশনের এক মুখপাত্র জানান, তারা নিজেদের আনুষ্ঠানিক অবস্থান সরাসরি ফিফাকে জানিয়ে দিয়েছেন।

তিনি বলেন, আমাদের অবস্থান পরিষ্কার; স্টেডিয়ামের ভেতরে বা ম্যাচের পরিবেশের আশপাশে এই আন্দোলনের সঙ্গে সম্পর্কিত কোনো অনুষ্ঠান বা প্রচারণামূলক কার্যক্রম চালানো যাবে না।

ওই কর্মকর্তা দাবি করেন, মিশরীয় ফুটবল ফেডারেশনও একই অবস্থান নিয়েছে। ইরান ও মিশর—দুই দেশই মুসলিম প্রধান হওয়ায় তাদের সাংস্কৃতিক ও ধর্মীয় মূল্যবোধের জায়গা থেকেই এমন অবস্থান নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে।

জনসমালোচনার মুখে ফিফা অবশ্য ম্যাচটির প্রতীকী গুরুত্ব কিছুটা কমিয়ে দেখানোর চেষ্টা করেছে। গত জানুয়ারিতে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো সুইজারল্যান্ডের একটি ম্যাগাজিনকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, আনুষ্ঠানিকভাবে কোনো ‘প্রাইড ম্যাচ’ হচ্ছে না।

তিনি বলেন, এটি বিশ্বকাপের একটি সাধারণ ম্যাচ। একই দিনে শহরের অন্যান্য সংস্থা কিছু বাহ্যিক অনুষ্ঠানের আয়োজন করছে মাত্র।

তবে স্টেডিয়ামের ভেতরের নিয়মকানুনের বিষয়ে নিজেদের অবস্থানে অনড় রয়েছে ফিফা। ‘দ্য অ্যাথলেটিক’-কে সংস্থাটি জানিয়েছে, বিশ্বকাপের স্টেডিয়াম আচরণবিধি অনুযায়ী গ্যালারিতে রেইনবো ফ্ল্যাগ (রংধনু পতাকা) বা সমকামী অধিকারের প্রতীকী চিহ্ন প্রদর্শনে কোনো নিষেধাজ্ঞা থাকবে না।

অন্যদিকে, ম্যাচের ভেন্যু ‘লুমেন ফিল্ড’-এর বাইরে সিয়াটলের স্থানীয় কমিটির পূর্বনির্ধারিত ‘প্রাইড’ কর্মসূচির সাংস্কৃতিক অনুষ্ঠান ও উদযাপন যথারীতি চলবে।

জানা গেছে, ইরান ও মিশরের ফুটবল ফেডারেশন স্টেডিয়ামের আশপাশের এলাকা থেকেও প্রাইড-সংক্রান্ত ভিজ্যুয়াল, ব্যানার ও প্রতীক সরিয়ে ফেলার অনুরোধ জানিয়েছিল। তবে ফিফা সেই অনুরোধ প্রত্যাখ্যান করেছে। স্থানীয় আয়োজক কমিটির পরিকল্পনা ও সাজসজ্জা বহাল রাখার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি।