পাবনার ভাঙ্গুড়ায় একটি ট্রান্সপোর্ট এজেন্সিতে উপজেলা প্রশাসনের অভিযানে নকল দুধ তৈরির কাজে ব্যবহৃত তিন লক্ষাধিক টাকার কেমিক্যাল জব্দ করা হয়েছে।
জানা গেছে, রোববার (২৬ এপ্রিল) বিকেল ৩টার দিকে উপজেলা সদরের সরদারপাড়ায় অবস্থিত জনতা ট্রান্সপোর্ট এজেন্সিতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন ভাঙ্গুড়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মিজানুর রহমান। অভিযানে ৬০০ লিটার গ্লুকোজ জেলি, ৫০ লিটার সরবিটল ও ২০০ লিটার গ্লিসারিন জব্দ করে তা ধ্বংস করা হয়।
উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মিজানুর রহমান জানান, যে ব্যক্তির নামে জব্দকৃত কেমিক্যালগুলো ভাঙ্গুড়ায় আনা হয়েছিল, তাকে এর আগে নকল দুধ তৈরির অপরাধে জরিমানা করা হয়েছিল। ঘটনার পর ওই ব্যক্তির বাড়িতে পুলিশ পাঠানো হলেও তাকে পাওয়া যায়নি।
তিনি আরও জানান, ধারণা করা হচ্ছে, জব্দকৃত কেমিক্যালগুলো নকল দুধ তৈরির উদ্দেশ্যেই আনা হয়েছিল। ধ্বংস করা কেমিক্যালের আনুমানিক বাজার মূল্য প্রায় ৩ লাখ ১৫ হাজার টাকা।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন