ঢাকা সোমবার, ২৯ জুন, ২০২৬

ভাঙ্গুড়া পৌরসভার ১৮ কোটি টাকার বাজেট ঘোষণা

রূপালী ডেস্ক
প্রকাশিত: জুন ২৯, ২০২৬, ০৭:২৫ পিএম
ছবি : রূপালী বাংলাদেশ

পাবনার ভাঙ্গুড়া পৌরসভার ২০২৬-২০২৭ অর্থবছরে ১৮ কোটি ২৪ লাখ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে।

সোমবার (২৯ জুন) বেলা ১১টায় ভাঙ্গুড়া পৌরসভার সভা কক্ষে এ বাজেট ঘোষণা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভাঙ্গুড়া পৌর প্রশাসক মিজানুর রহমান।

বাজেটে ভাঙ্গুড়া পৌরসভার রাজস্ব খাতে সম্ভাব্য আয় ধরা হয়েছে ৫ কোটি ৭৪ লাখ টাকা এবং উন্নয়ন ও প্রকল্প খাতে সম্ভাব্য আয় ধরা হয়েছে ১২ কোটি ৫০ লাখ টাকা। ফলে মোট সম্ভাব্য আয় নির্ধারণ করা হয়েছে ১৮ কোটি ২৪ লাখ টাকা।

অন্যদিকে, রাজস্ব খাতে সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে ৫ কোটি ৩৮ লাখ ১৫ হাজার টাকা এবং উন্নয়ন ও প্রকল্প খাতে ব্যয় ধরা হয়েছে ১২ কোটি ৫০ লাখ টাকা। এতে মোট সম্ভাব্য ব্যয় দাঁড়িয়েছে ১৭ কোটি ৮৮ লাখ ১৫ হাজার টাকা। বাজেটে ৩৫ লাখ ৮৫ হাজার টাকা উদ্বৃত্ত রাখা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন ভাঙ্গুড়া পৌর সচিব মনছুর আলম, নির্বাহী প্রকৌশলী আমিনুল ইসলাম, হিসাব রক্ষণ নাজমুল হুদা, কর আদায়কারী মো. সাইফুল ইসলাম, পৌরসভার কর্মকর্তা-কর্মচারীসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

মিজানুর রহমান বলেন, বাজেটে নাগরিক সেবার মানোন্নয়নে পরিস্কার-পরিচ্ছন্নতা, সড়ক ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, বর্জ্যব্যবস্থাপনা, পৌর শহর আলোকিতকরণ ও সুপেয় পানির সরবরাহ নিশ্চিতকরণসহ জনকল্যাণমূলক বিভিন্ন উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে গুরুত্ব দেওয়া হয়েছে। একই সঙ্গে অপ্রয়োজনীয় ব্যয় কমিয়ে জনবান্ধব ও বাস্তবমুখী বাজেট প্রণয়ন করা হয়েছে।