ঢাকা শনিবার, ০৪ জুলাই, ২০২৬

গ্রামবাসীর বিক্ষোভে যুবলীগ নেতাকে ছেড়ে দিল পুলিশ

পাবনা প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ৪, ২০২৬, ০৬:৪২ পিএম
ছবি- রূপালী বাংলাদেশ

পাবনার ভাঙ্গুড়ায় নাশকতার সন্দেহে আটক এক যুবলীগ নেতাকে গ্রামবাসীর বিক্ষোভের মুখে ছেড়ে দিয়েছে পুলিশ। শুক্রবার (৩ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে ভাঙ্গুড়া থানায় এ ঘটনা ঘটে।

আটক রিপন সরকার (৪০) উপজেলার পার-ভাঙ্গুড়া ইউনিয়নের পাটুলিপাড়া গ্রামের বাসিন্দা এবং হাবিবুর সরকারের ছেলে। তিনি পার-ভাঙ্গুড়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড যুবলীগের সাবেক সভাপতি।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শুক্রবার রাত ৮টার দিকে ভাঙ্গুড়া থানা পুলিশ পাটুলিপাড়া গ্রাম থেকে নাশকতামূলক কর্মকাণ্ডে সম্পৃক্ততার সন্দেহে রিপন সরকারকে আটক করে থানায় নিয়ে যায়।

স্থানীয়দের দাবি, টেবুনিয়া-বাঘাবাড়ী আঞ্চলিক মহাসড়কসংলগ্ন পাটুলিপাড়া গ্রামের একটি খাসজমি ও ছোট বাজারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে গ্রামবাসীর সঙ্গে ইউনুস সরকার নামে এক ব্যক্তির বিরোধ চলছে। অভিযোগ রয়েছে, সরকারি খাসজমি দখল করে ইউনুস সরকার সেখানে একটি ঘর নির্মাণ করেন। পরে গ্রামবাসী ঘরটি ভেঙে সেখানে পুনরায় মাছের বাজার বসান এবং এলাকাটিকে ছোট বাজার ও অটোরিকশা স্ট্যান্ড হিসেবে ঘোষণা দিয়ে ব্যানার টাঙান।

এ ঘটনায় ইউনুস সরকার জায়গাটির মালিকানা দাবি করে রিপন সরকারসহ কয়েকজন গ্রামবাসীর বিরুদ্ধে থানায় অভিযোগ করেন। গ্রামবাসীর ভাষ্য, ওই বিরোধে তাদের পক্ষে সক্রিয় ভূমিকা নেওয়ায় রিপন সরকারকে হয়রানি এবং আন্দোলন দমিয়ে রাখতেই পুলিশ তাকে আটক করেছে।

রিপন সরকারকে আটক করে থানায় নেওয়ার খবর ছড়িয়ে পড়লে শতাধিক গ্রামবাসী ভাঙ্গুড়া থানায় গিয়ে বিক্ষোভ করেন এবং তার মুক্তির দাবি জানান। একপর্যায়ে পুলিশ বিক্ষোভকারীদের থানা চত্বরের বাইরে সরিয়ে দেয়।

পরে বিক্ষোভকারীদের পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদলের সঙ্গে থানার ওসি সাকিউল আযমের বৈঠক হয়। আলোচনা শেষে রিপন সরকারকে প্রতিনিধিদলের জিম্মায় ছেড়ে দেয় পুলিশ। পরে তারা তাকে নিয়ে নিজ গ্রামে ফিরে যান।

এ বিষয়ে ভাঙ্গুড়া থানার ওসি সাকিউল আযম বলেন, জমি-সংক্রান্ত কোনো বিষয় আমাদের জানা নেই। নাশকতার বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য তাকে আটক করা হয়েছিল। জিজ্ঞাসাবাদে তার সম্পৃক্ততার প্রমাণ না পাওয়ায় গ্রামবাসীর জিম্মায় তাকে ছেড়ে দেওয়া হয়েছে।