তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দ্বন্দ্বের জেরে অণ্ডকোষ চেপে ধরে মমিন শেখ (৭৫) নামের এক বৃদ্ধকে হত্যার অভিযোগ উঠেছে তার প্রতিবেশী হাফিজা খাতুনের বিরুদ্ধে। শুক্রবার রাতে পাবনার সাঁথিয়া উপজেলার কাশিনাথপুরের বাবুপাড়ায় এ ঘটনা ঘটে।
শনিবার (১৩ ডিসেম্বর) নিহতের পরিবারের পক্ষ থেকে সাঁথিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন সাঁথিয়া থানার ওসি আনিসুর রহমান।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার ভোরে নিহত মমিন শেখের স্ত্রী বাড়ির পাশে একটি মোবাইল ফোনের ব্যাক কভার কুড়িয়ে পান। ওই কভারের ভেতরে সামান্য পরিমাণ গাঁজা, একটি ব্লেড ও একটি কাঁচি ছিল। বিষয়টি তিনি তার স্বামী মমিন শেখকে জানালে মমিন শেখ প্রতিবেশী হাফিজা খাতুনকে ডেকে বিষয়টি দেখান।
এ সময় হাফিজা খাতুন বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করে বলেন, এটি তার ছেলের মোবাইল ফোনের কভার। তবে ওই কভারে মোবাইল ফোন না থাকায় বিষয়টি নিয়ে দুই পরিবারের মধ্যে দফায় দফায় বাগবিতণ্ডা ও উত্তেজনা সৃষ্টি হয়।
একপর্যায়ে শুক্রবার সন্ধ্যার দিকে উভয় পক্ষের মধ্যে ধস্তাধস্তি শুরু হলে অভিযোগ অনুযায়ী, হাফিজা খাতুন বৃদ্ধ মমিন শেখের অণ্ডকোষ চেপে ধরেন। এতে গুরুতর অসুস্থ হয়ে পড়েন মমিন শেখ। পরে ওই দিন রাত আনুমানিক ১১টার দিকে তার মৃত্যু হয়।
ঘটনার পরপরই পুলিশ অভিযুক্ত হাফিজা খাতুনকে আটক করে।
এ বিষয়ে সাঁথিয়া থানার ওসি মো. আনিসুর রহমান জানান, অভিযুক্ত নারী বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছেন। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন