ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

তরমুজক্ষেতের বিরোধে প্রাণ গেল যুবকের

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশিত: এপ্রিল ১, ২০২৬, ১২:১৮ এএম
ছবি : রূপালী বাংলাদেশ

পটুয়াখালীর বাউফলে তরমুজের জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে উজ্জল কর্মকার (৪২) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (৩১ মার্চ) বিকেল তিনটার দিকে উপজেলার চন্দ্রদ্বীপ এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় অভিযানে চন্দ্রদ্বীপ এলাকার জালাল গাজী ও ফিরোজ গাজীকে গ্রেপ্তার করা হয়েছে।

গুরুতর আহত অবস্থায় উজ্জল কর্মকারকে উদ্ধার করে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত উজ্জল কর্মকার উপজেলার কালাইয়া এলাকার বাসিন্দা। তার বাবার নাম অজিত কর্মকার।

স্থানীয় সূত্রে জানা গেছে, চন্দ্রদ্বীপ চরের তরমুজের জমির টাকা লেনদেন নিয়ে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর জেরে প্রথমে তরমুজচাষি ফিরোজ গাজীর ওপর হামলার ঘটনা ঘটে। পরে ফিরোজ গাজীর নেতৃত্বে প্রতিপক্ষের ওপর পাল্টা হামলা চালানো হলে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। এতে উজ্জল কর্মকার গুরুতর আহত হন।

আহত ব্যক্তিরা হলেন—দাসপাড়া এলাকার শামিম হাওলাদার (৩৫) ও মিজান গাজী (৪০)। তাঁদের চিকিৎসা চলছে।

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম রাজ্জাক বলেন, ঘটনার পরপরই পুলিশ অভিযান চালাচ্ছে। ইতোমধ্যে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।