ঢাকা সোমবার, ২৭ জুলাই, ২০২৬

দুমকিতে ৫ টাকা দিয়ে শিশু শিক্ষার্থীকে বলাৎকার, শিক্ষক গ্রেপ্তার

পটুয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ২৭, ২০২৬, ০৫:০২ পিএম
ছবি : সংগৃহীত

পটুয়াখালীর দুমকি উপজেলায় এক শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মো. ইব্রাহীম নামে এক শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২৭ জুলাই) সকালে উপজেলার মুরাদিয়া ইউনিয়নের একটি মাদ্রাসায় এ ঘটনা ঘটে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকাল ৬টার দিকে শ্রীরামপুর আশ্রয়ন প্রকল্পের বাসিন্দা শিশু শিক্ষার্থী মোস্তাকিমকে মাদ্রাসায় একা পেয়ে অভিযুক্ত শিক্ষক ইব্রাহীম একটি কক্ষে ডেকে নিয়ে জোরপূর্বক বলাৎকার করেন বলে অভিযোগ রয়েছে। পরে বিষয়টি কাউকে না বলার জন্য শিশুটিকে ভয়ভীতি দেখিয়ে ৫ টাকা দেন বলেও অভিযোগ করা হয়েছে।

ঘটনার পর শিশুটি বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের বিষয়টি জানায়। পরে স্থানীয়রা অভিযুক্ত শিক্ষককে আটক করে দুমকি থানা পুলিশের কাছে সোপর্দ করেন। পরবর্তীতে পুলিশ তাকে গ্রেপ্তার করে।

অভিযুক্ত শিক্ষক ইব্রাহীম অভিযোগ অস্বীকার করে দাবি করেছেন, তিনি ষড়যন্ত্রের শিকার এবং মিথ্যা অভিযোগে তাকে ফাঁসানো হয়েছে।

দুমকি থানার ওসি মো. সেলিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ভুক্তভোগীর পরিবারের অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। তদন্ত শেষে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।