ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

রাঙামাটি ২৯৯ আসন : মনোনয়নপত্র সংগ্রহ করেছে বিএনপি-জামায়াত

রাঙ্গামাটি প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ২০, ২০২৫, ০৩:৩২ পিএম
বিএনপির পক্ষ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন দলের নেতারা । ছবি- রূপালী বাংলাদেশ

রাঙামাটি ২৯৯নং সংসদীয় আসনে আসন্ন নির্বাচনের জন্য মনোনয়নপত্র সংগ্রহ শুরু করেছে বড় রাজনৈতিক দলগুলো।

জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, বিএনপি এবং জামায়াতে ইসলামী ইতোমধ্যেই তাদের এমপি প্রার্থীর পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ সম্পন্ন করেছে। তবে পাহাড়ের প্রভাবশালী আঞ্চলিক দল জেএসএস এখনো তাদের প্রার্থী ঘোষণা করেনি।

দলটির নির্ভরযোগ্য সূত্র থেকে জানা গেছে, আগামী ২৫ থেকে ২৭ ডিসেম্বরের মধ্যে জেএসএস প্রার্থী দেবেন অথবা প্রার্থীর পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করবেন।

বিএনপির পক্ষ থেকে সাবেক জজ অ্যাডভোকেট দীপেন দেওয়ানের মনোনয়নপত্র জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশিদ মামুন, সহসভাপতি মো. সাইফুল ইসলাম চৌধুরী ভুট্টো, সহসভাপতি সাইফুল ইসলাম পনির, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম শাকিলসহ অন্যান্য নেতারা সংগ্রহ করেন।

জামায়াতে ইসলামীর পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন নেতারা। ছবি- রূপালী বাংলাদেশ

এদিকে, জামায়াতে ইসলামী এমপি প্রার্থী অ্যাডভোকেট মোখতার আহম্মদের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন জেলা জামায়াতের আমীর অধ্যাপক আব্দুল আলিম, সাধারণ সম্পাদক মো. মঞ্জুরুল হক এবং জেলা ও পৌর জামায়াতের অন্য নেতৃবৃন্দ। বিশেষভাবে উল্লেখযোগ্য, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির এমপি পদপ্রার্থী জুঁই চাকমাও মনোনয়নপত্র সংগ্রহ করেছেন, যদিও এই আসনে তার উপস্থিতি নিয়ে তেমন কোনো রাজনৈতিক আলোচনার সূচনা হয়নি।

জেলা নির্বাচন রিটার্নিং অফিস সূত্রে জানা গেছে, মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ২৯ ডিসেম্বর, ২০২৫। মনোনয়নপত্র বাছাই হবে ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি ২০২৬ পর্যন্ত। আপিল দায়েরের সময়সীমা একই সময়ে এবং আপিল নিষ্পত্তি হবে ১১ জানুয়ারি। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২০ জানুয়ারি। চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্দ করা হবে ২১ জানুয়ারি। নির্বাচনি প্রচার শুরু হবে ২২ জানুয়ারি থেকে ১০ ফেব্রুয়ারি সকাল ৭টা পর্যন্ত। ভোটগ্রহণ হবে ১০ ফেব্রুয়ারি সকাল ৭টা থেকে বিকেল ৪টা পর্যন্ত।

রাঙামাটি ২৯৯নং আসনে এবারের মোট ভোটার সংখ্যা প্রায় ৫ লাখ, যেখানে পাহাড়ি ও বাঙালি ভোটাররা প্রায় সমান সংখ্যায় উপস্থিত থাকবেন। নির্বাচনি এই আসনকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তেজনা ইতিমধ্যেই বৃদ্ধি পেতে শুরু করেছে।