রাঙামাটি পার্বত্য জেলার রাজস্থলী উপজেলাধীন থানা পরিদর্শন করেছেন জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব পিপিএম।
শনিবার (১০ জানুয়ারি) পুলিশ সুপার প্রথমে চন্দ্রঘোনা থানায় ও পরে রাজস্থলী থানায় পৌঁছানোর পর পুলিশ সুপারকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।
পুলিশ সুপার থানায় পৌঁছালে রাজস্থলী থানা পুলিশের চৌকস দল তাকে আনুষ্ঠানিকভাবে গার্ড অব অনার প্রদান করে।
থানা পরিদর্শনকালে পুলিশ সুপার থানার সার্বিক কার্যক্রম, আইনশৃঙ্খলা পরিস্থিতি, জনসেবা কার্যক্রম, ফোর্সের শৃঙ্খলা ও কল্যাণ-সংক্রান্ত বিষয়াদি নিবিড়ভাবে পর্যালোচনা করেন। এ সময় তিনি থানা ব্যবস্থাপনাকে আরও আধুনিক, গতিশীল ও জনবান্ধব করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
পরিদর্শন শেষে পুলিশ সুপার থানায় সংরক্ষিত বিভিন্ন গুরুত্বপূর্ণ রেজিস্টার পর্যবেক্ষণ করেন এবং পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন।
পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব পিপিএম বলেন, অপরাধ দমন, মাদক নিয়ন্ত্রণ ও জনবান্ধব পুলিশিং জোরদারে থানা পুলিশকে আরও সক্রিয় ও দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। জনগণের আস্থা অর্জনই পুলিশের মূল লক্ষ্য।
তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি পুলিশ সদস্যদের কল্যাণ নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। থানায় সকল সদস্যের সমস্যা ও সুযোগ-সুবিধা গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে এবং বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ সময় উপস্থিত ছিলেন রাঙামাটি জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) ও ডিএসবি (অতিরিক্ত দায়িত্ব) মো. জসিম উদ্দিন চৌধুরী, রাজস্থলী থানার ওসি মুহাম্মদ খালেদ হোসেন এবং চন্দ্রঘোনা থানার ওসি এম সাকের আহমেদসহ অন্যান্য পুলিশ কর্মকর্তা।


